পাকিস্তান: সাংবাদিকদের জন্য মৃত্যু উপত্যকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান—সাংবাদিকদের জন্য বিশ্বের এক নম্বর বিপজ্জনক দেশ। সাংবাদিকদের জন্য যেন মৃত্যুউপত্যকা! ২০১১ সালে দ্বিতীয়বারের মতো এমন ‘বিপজ্জনক দেশ’ এর খেতাব জোটে দেশটির কপালে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) হিসাব মতে, গত বছর পাকিস্তানে ১১ জন সাংবাদিক খুন হন। তাঁদের মধ্যে সাতজনকে পেশাগত কারণে হত্যা করা হয়। অর্থাত্ তাঁদের প্রকাশিত প্রতিবেদনের কারণে তাঁরা ঘাতকদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। অন্য চারজন সাংবাদিক নিহত হন বিভিন্ন সন্ত্রাসী হামলায়।পাকিস্তানের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডনের প্রধান সম্পাদক আব্বাস নাসির বলেন, এদেশের সাংবাদিকদের কাছে বাইরের পৃথিবীটা অস্পষ্ট ও আবছা আলোয় ঢাকা। এ অবস্থা থেকে পূর্ণ আলোয় নিয়ে আসার মতো যেন কেউ নেই। তাঁদের পাশে নেই রাষ্ট্র, সেনাবাহিনী, নেই দেশটির সাধারণ মানুষও। পত্রিকা প্রকাশের আগে রাষ্ট্র তা পরখ করে নেয়। সেনাবাহিনীর কাজ নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করলে হুমকি আসে গণমাধ্যমের ওপর। আর সাধারণ মানুষের কাছ থেকেও আসে বিচিত্র সব হুমকি। এভাবে দেশটিতে সবাই যেন গণমাধ্যমকর্মীদের শত্রু। চারদিকে এত প্রতিকূলতার কারণে সাংবাদিকেরা অনেক ঘটনা চেপে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের সরকার বলছে, ১০ বছর ধরে গণমাধ্যম যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রকৃতপক্ষে দেশটির সংবাদকর্মীরা ন্যায়-অন্যায়ের পার্থক্য বের করার সাহস পান না বা বের করতে চান না।বলা হচ্ছে, পাকিস্তানের প্রতিটি স্তরে জাতীয়তাবাদ ও রক্ষণশীলতার প্রভাব আছে। এ ধরনের চিন্তা-চেতনাগুলো সাংবাদিকদের মনেও বাসা বেঁধেছে। তো, কোথা থেকে সাংবাদিকদের ওপর ঝুঁকিটা আসছে? এ প্রশ্নের উত্তরে সাংবাদিক, সম্পাদক কিংবা গণমাধ্যম পর্যবেক্ষক সংগঠনগুলোর মত একটাই—সব দিক থেকেই সাংবাদিকরা হুমকির মুখে।দৈনিক ‘দ্য নিউজ’-এর সম্পাদক মোহাম্মদ মালিক বলেন, একসময় এ দেশে সেনাবাহিনী নিয়ে কিছু বলা হলে তা ‘অন্যায়’ বলে বিবেচনা করা হতো। এমনকি গণমাধ্যমগুলো দেশের নিরাপত্তা বিষয়ে কোনো খবর প্রকাশ করলে সেটাকে সেনাবাহিনী তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে মনে করত।পাকিস্তানের প্রদেশগুলোতে জাতিগত বিদ্বেষ প্রবল। এ ছাড়া সাংস্কৃতিক ভিন্নতাও বিদ্যমান। ফলে কোনো একটি প্রদেশের কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক দলের অপরাধ-সংক্রান্ত খবর প্রকাশ করা হলে সেটাকে প্রাদেশিক সংকীর্ণতার পরিচয় বলে অপবাদ দেওয়া হয়।সিপিজের এশিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বব ডায়েজ বলেন, ‘সাদা চোখে পাকিস্তানি গণমাধ্যমকে মুক্ত ও জমজমাট মনে হলেও আসলে দেশটির গণমাধ্যম সব দিক থেকে প্রচণ্ড চাপের মধ্যে কাজ করে।’সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে বহুবার আবেদন জানানো হয়েছে। এতে কোনো লাভ হয়নি। উল্টো আইএসআইয়ের শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা সাংবাদিকদের ওপর বিরক্ত। কয়েকজন সাংবাদিক নিহত হওয়ার পেছনে আইএসআইয়ের হাতও আছে বলেও ধারণা করা হয়।ডায়েজ আরও বলেন, রাজনৈতিক দল, ধর্মীয় গোষ্ঠী, বন্দুকধারী, মাদক ব্যবসায়ী, উচ্ছৃঙ্খল বিচ্ছিন্নতাবাদী সংগঠন—সবার কাছ থেকেই প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের। মোহাম্মদ মালিক বলেন, সীমাহীন দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এ দেশে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটাকে ব্যক্তিগত আঘাত বা শত্রুতা হিসেবে বিবেচনা করা হয়। এই দেশে সবকিছুকেই ব্যক্তিগতভাবে নেওয়া হয়।বেশ কয়েকবার প্রাণহানির হুমকি দেওযা হয়েছে বিশিষ্ট সাংবাদিক জিও টিভির নির্বাহী সম্পাদক (প্রথম আলোর কলাম লেখক) হামিদ মির এবং টেলিভিশন টকশোর উপস্থাপক নজম শেঠির মতো সাংবাদিককে। অখ্যাত সংবাদকর্মীও প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। পাকিস্তানে সেনাবাহিনী ও আইএসআই নিয়ে কোনো নেতিবাচক খবর প্রকাশ করা যায় না। প্রকৃতপক্ষে গত শতকের আশির দশকে জেনারেল জিয়াউল হকের শাসনামলে দেশটিতে মানহানি আইনের সংশোধন করা হয়। নতুন আইনে বলা হয়, কারও বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা যাবে না।দ্য ডন পত্রিকার কলামিস্ট হাজারাহ মমতাজ বলেন, বিতর্কিত ব্লাসফেমি আইনের মতো কঠোর আইন থাকার কারণে দেশটির সাংবাদিকেরা তটস্থ থাকেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি নিশ্চয়ই চাইবেন না, একদল উচ্ছৃঙ্খল লোক এসে আপনার অফিস জ্বালিয়ে, পুড়িয়ে দিক।’হাজারাহ মমতাজ বলেন, ৩০ বছর ধরে পাকিস্তানের রক্ষণশীল সরকারগুলোর কঠোর অনুশাসন দেশটির মানুষের মনে দারুণভাবে গেঁথে গেছে। অনেক মানুষ অন্ধভাবে পরদেশ-বিদ্বেষী হয়ে ওঠে। তাদের কাছে নিজের দেশই বড়। মূলত জেনারেল জিয়াউল হকের সময়ে এটা শুরু হয়। তিনি আরও বলেন, পাকিস্তানে বর্তমানে জ্যেষ্ঠ সাংবাদিকদের অনেকের বেড়ে ওঠাও জিয়াউল হকের আমলে। ফলে এ দেশের সাংবাদিকদের মনেও সংবাদ লেখার সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ঝোঁক দেখা যায়।সাংবাদিক আব্বাস নাসির বলেন, সরকার ও রাজনৈতিক দলের সমালোচনা করতে গিয়ে আশাতীত স্বাধীনতা পেলেও সেনাবাহিনী ও আইএসআইয়ের সংবাদ প্রচারে তাঁরা ৩০ শতাংশ ছাড়ও পান না। তিনি বলেন, দীর্ঘকাল ধরে সেনাশাসন এ দেশের মানুষের মনে এমন একটি ধারণার জন্ম দিয়েছে যে, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা মানে দেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করা।মমতাজ বলেন, কিছু সাংবাদিক কাউকে ভয় পান না। কিছু আছেন, যাঁরা সেনাবাহিনী সম্পর্কে অগাধ আস্থা রাখেন না। আরেক ধরনের সংবাদকর্মী আছেন, যাঁরা মনে মনে চরম মার্কিন-বিদ্বেষী। টেলিভিশন চ্যানেলগুলো ভালো ‘রেটিং’ পাওয়ার জন্য প্রায়ই যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষ ভাব দেখায়। বিশেষ করে কিছুদিন আগে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ২৪ পাকিস্তানি সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় টেলিভিশনগুলো এ ধরনের আচরণ দেখিয়েছে।শুধু টেলিভিশন নয়, পত্রিকাগুলোও অনেকটা এ রকম আচরণ করে। সেগুলো অঞ্চলভিত্তিক সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে মিল রেখে সংবাদ পরিবেশন করে। যেমন: তালেবান অঞ্চলের পত্রিকাগুলোতে ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। জেহাদি সংগঠনগুলোর কর্মসূচিকে ইতিবাচকভাবে তুলে ধরা হয় এসব পত্রিকায়। আর এটা তাদের ব্যবসার অন্যতম কৌশল। আল জাজিরা অবলম্বনে।