পাকিস্তানই ফেবারিট, কিন্তু গেইল-ঝড় যদি ওঠে...
এক দল বলছে, ‘যা ঘটে গেছে, গেছে। সেটির আর কোনো মূল্য নেই। এখন সামনে তাকানোর সময়।’ আরেক দলও সামনে তাকাচ্ছে, তবে এক চোখ পেছনে রেখে।খেলার পৃথিবীতে একই ঘটনা দৃষ্টিভঙ্গিভেদে দুই রকম হয়ে যায়। পরিস্থিতিই ঠিক করে দেয় সেই দৃষ্টিভঙ্গি। যখন যেটাতে সুবিধা আরকি! এখানেও ঘটনা তা-ই।ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম এক মাসকে ‘অতীত’ বলে ভুলে যেতে চাইছে। খুবই স্বাভাবিক। ৬ ম্যাচের মাত্র ৩টিতে জয়। সেটিও বাংলাদেশ, আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে। ড্যারেন স্যামি তাই বারবারই অতীতকে চাপা দিতে চাইলেন দুটি শব্দে—‘কাম টুমরো।’শহীদ আফ্রিদিও জানেন, ‘টুমরো’ই সব। গ্রুপ পর্বে ৬ ম্যাচের ৫টিতেই জিতেছেন—কোয়ার্টার ফাইনালের ‘জীবন-মরণ’ লড়াইয়ে এর কোনো মূল্য নেই। তাই বলে কোন অধিনায়ক অনন্ত অনুপ্রেরণার ওই উৎসমুখ বন্ধ করে দিতে চাইবেন! সর্বশেষ ম্যাচেই যেখানে এক যুগ ধরে ছুটে চলা অস্ট্রেলিয়ার জয়রথ থামিয়ে দেওয়ার গৌরব।সেই ‘টুমরো’ মানে আজ। এক মাসের ‘বাছাইপর্ব’ শেষে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের শুরু। সেটির উদ্বোধন করছে প্রতিদ্বন্দ্বী এমন দুটি দল, যারা ‘আনপ্রেডিক্টেবল’ তকমার জন্য একে অন্যের প্রতিদ্বন্দ্বী। স্বত্বটা অবশ্যই পাকিস্তানের। তবে ওয়েস্ট ইন্ডিজও খুব একটা পিছিয়ে নেই। নিজেদের দিনে ওরা যেকোনো কিছু করে ফেলতে পারে।সমস্যা হলো, হাজারো বিতর্ককে সঙ্গী করেও পাকিস্তানের ‘নিজেদের দিন’ প্রায় নিয়মিতই আসে। ওয়েস্ট ইন্ডিজের শেষ কবে এসেছিল, তা জানতে ক্রিকেট ইতিহাসবিদ হতে হয়। কুলীন শ্রেণীভুক্ত কোনো দলের বিপক্ষে সর্বশেষ জয়ের স্মৃতিতে প্রায় পৌনে দুই বছরের ধুলো জমেছে। ম্যাচের হিসাবে ১৮ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ তো সামনের দিকেই তাকাবে। পেছনে তাকালে যে অনেক পেছনে তাকাতে হয়।রিচি রিচার্ডসন সেটিতেও তাকাতে রাজি নন। ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের সাক্ষী সাবেক অধিনায়কও কাল মাঠে দাঁড়িয়ে স্যামির সঙ্গে সুর মেলালেন ‘আগে কী হয়েছে, সব অর্থহীন। টুমরোই আসল।’ নিজেদের সুবিধামতো দৃষ্টিভঙ্গি নয় বোঝাতে যোগ করলেন, ‘আমরা যে প্রথম দুটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন, এটাও তো বলছি না। পাস্ট ইজ পাস্ট।’‘পাস্ট ইজ পাস্ট’ বলে উড়িয়ে দিলে ভিন্ন কথা। নইলে এই বিশ্বকাপের পারফরম্যান্স বলুন বা গত পাঁচ-ছয় বছরের ইতিহাস—আজকের ম্যাচে ফেবারিট বলে মানতে হবে পাকিস্তানকেই। দুই দলের সর্বশেষ ১৩টি ম্যাচের মাত্র দুটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এক-দুই বছরের হিসাব নয়, হিসাবটা শুরু সেই ২০০৫ সালের জানুয়ারি থেকে। কিন্তু ক্রিকেটে প্রতিটি দিনই নতুন দিন। আজ আরেকটি ‘নতুন দিন’-এ ক্রিস গেইল ফিরছেন, ফিরছেন কেমার রোচ। দুজনেরই ক্ষমতা আছে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার। রোচের যত, তার চেয়েও বেশি গেইলের। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে একটু ঝলক (২১ বলে ৪৩) বাদ দিলে এই বিশ্বকাপ এখনো গেইলকে গেইলের রূপে দেখেনি। আসল সময়ের জন্যই কি গোলাবারুদ সব জমিয়ে রেখেছেন জ্যামাইকান বাঁহাতি?গেইল-ঝড় সব সময়ই দর্শনীয়। আজ যদি তা ওঠে, সেটি আরও দেখার মতো জিনিস হয়ে থাকবে। সেটি যে হবে ‘ক্রিকেটে কত রকম বোলিং হয়’ তার একটা প্রদর্শনীর বিপক্ষে দুর্দান্ত ব্যাটসম্যানশিপের প্রমাণ। ডানহাতি ফাস্ট বোলার, বাঁহাতি ফাস্ট বোলার, ডানহাতি মিডিয়াম পেসার, লেগ স্পিন-অফ স্পিন-বাঁহাতি স্পিন—কী নেই পাকিস্তানি বোলিংয়ে!এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ এক দুঃখের নাম। ৫৮-র দুঃখ। কোয়ার্টার ফাইনালের সুবাস পেয়েও তা হারিয়ে ফেলার দুঃখ। দুটিতেই জড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ। কাল দুপুরে সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পুরো বাংলাদেশ কেমন ‘ওয়েস্ট ইন্ডিজ’ হয়ে গিয়েছিল, খুব মন দিয়ে তা শুনলেন ড্যারেন স্যামি। শুনলেন আর মাথা নাড়লেন, ‘আমি জানি। এখানে এসেও শুনছি। কীভাবে যে ম্যাচটা হেরে গেলাম!’ স্যামি খুব আমুদে স্বভাবের। বাসে ঢিল-টিল নিয়ে যে এত সব কাণ্ড হলো, সেসবও হাসি দিয়ে মুছে দিতে চাইলেন। বাংলাদেশে ফিরে আসতে পেরেও নাকি খুব খুশি। মাঠে দর্শক সমর্থনও আশা করলেন।কিন্তু ৫৮-র দুঃখ, গেইলের টুইটারে ছোট্ট ঢিলের এত বড় হয়ে যাওয়া, ইংল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ শেষ করে দেওয়া—এত ‘অকাণ্ডের’ হোতা ওয়েস্ট ইন্ডিজ কি আসলেই সমর্থন পাবে গ্যালারির?পেলে পাবে। না পেলে নাই। আজ বাংলাদেশের দর্শকদের সমর্থন-টমর্থন নিয়ে এত ভাবারই বা কী দরকার! আগের ছয় ম্যাচে স্নায়ুতন্ত্রের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। এই দেশে বিশ্বকাপের শেষ দুটি ম্যাচে না হয় গ্যালারি থেকে দলনির্বিশেষে ভালো ক্রিকেটেরই জয়ধ্বনি উঠুক।ক্রিকেট ম্যাচ যে নির্ভার হয়ে উপভোগও করা যায়, সেটি তো প্রায় ভুলেই গেছে এ দেশের মানুষ!