পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি সেনাদের হামলায় দুই ভারতীয় সেনা নিহত ও একজন আহত হওয়ার ঘটনার উপযুক্ত জবাব দেবে ভারত। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এনডিটিভিকে এ কথা বলেছেন।কাশ্মীর সীমান্তের তথাকথিত নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্টোল) গতকাল পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে আবার গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় দুই ভারতীয় সেনাসদস্য নিহত ও একজন আহত হন বলে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে জানানো হয়।‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ওই এলাকায় টহলরত ভারতীয় সেনাদের ওপর পাকিস্তানি সেনারা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, গতকালের হামলার ঘটনা দুই দেশের মধ্যে আলোচনা ভণ্ডুল করার পদক্ষেপ।সালমান খুরশিদ বলেন, ‘এ হামলা একেবারেই অগ্রহণযোগ্য, ভয়ংকর ও জঘন্য। এটা পাকিস্তানের চরম অদূরদর্শিতা। ভারতের পক্ষ থেকে এ ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।’ হামলা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু করা দরকার এবং আমরা তা করব। তবে তা করা হবে সবকিছু সতর্কভাবে চিন্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে।’ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র রাজেশ কে কালিয়া বলেন, জম্মু থেকে ২২০ কিলোমিটার (১৪০ মাইল) উত্তরে মেন্দহারের কাছে নিয়ন্ত্রণরেখায় গতকাল তাঁদের সেনাসদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। তাঁরা এ সময় ভারতীয় সীমানার প্রায় আধা কিলোমিটার ভেতরে সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা দেখতে পান। তিনি বলেন, ‘পরে আমাদের সেনাসদস্যরা তাঁদের আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু ওই ব্যক্তিরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন।’ ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনার দুই দিন পর নতুন করে এ ঘটনা ঘটল। রোববার পাকিস্তান অভিযোগ করে, ভারতের সেনাসদস্যরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে তাদের একটি নিরাপত্তা চৌকি গুঁড়িয়ে দিয়েছেন। এ ছাড়া একজন সেনাসদস্যকে হত্যা ও আরেকজনকে আহত করেছেন। এই অভিযোগ নাকচ করে ভারত বলেছে, পাকিস্তানের সেনাসদস্যরাই উসকানিমূলকভাবে প্রথমে গুলি ছোড়েন। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ব্রিজেশ পান্ডে বলেন, ওই দিন তাঁদের সেনাবাহিনী সীমানা অতিক্রম করেনি। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় কাশ্মীরের উরি জেলার একটি গ্রামে মর্টারের গোলা নিক্ষেপ করে। এ হামলায় কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।মুসলিম-অধ্যুষিত কাশ্মীরের মালিকানা ভারত ও পাকিস্তান উভয়ই দাবি করলেও দুটি দেশই এ অঞ্চল শাসন করছে। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর নিয়ে এ পর্যন্ত দুটি যুদ্ধে লিপ্ত হয়েছে চির বৈরী এই দুই দেশ। পরমাণু শক্তিধর দেশ দুটি ২০০৩ সাল থেকে অস্ত্রবিরতি চুক্তি মেনে চলছে। কিন্তু এর পরও মাঝেমধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটছে। এ জন্য উভয় দেশ পরস্পরকে দায়ী করছে। গত মাসে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কর্মকর্তারা জানান, সীমান্তে ভারতীয় সেনাসদস্যদের গুলিতে একজন নিহত ও তিনজন আহত হন। এঁরা সবাই বেসামরিক লোক। ভারতের সেনা কর্মকর্তারা পাল্টা দাবি করেছেন, ২০১২ সালে ৭৫টি ঘটনায় তাঁদের আট সেনাসদস্য নিহত হয়েছেন। ১৯৮৯ সালে ভারতের বিরুদ্ধে বিদ্রোহ শুরুর পর কাশ্মীরে জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার লোক প্রাণ হারালেও সাম্প্রতিক সময়ে সেই তৎপরতা অনেকাংশে কমে এসেছে।