পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য পাকিস্তানকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশের তরফ থেকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের দাবি জানানো হয়।আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পাকিস্তানের সফররত পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এসব বিষয় উত্থাপন করেন। পরে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার বিষয়টি উত্থাপনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘তিনি আমাদের কথাগুলো শুনেছেন। বাংলাদেশের বিষয়গুলোতে তিনি সংবেদনশীল বলে জানিয়েছেন। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁরাও অমীমাংসিত বিষয়গুলো সমাধান করতে চান।’সচিব মিজারুল কায়েস বলেন, ‘একটা বিষয় আপনাদের সবাইকে মনে রাখতে হবে, এটি কোনো দ্বিপক্ষীয় বৈঠক নয়। ডি-৮-এর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণপত্র দেওয়ার জন্য হিনা রাব্বানি খার বাংলাদেশে এসেছেন। কাজেই দ্বিপক্ষীয় কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বাংলাদেশ শুধু অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে। আমরা সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চাই।’ সংক্ষিপ্ত সফরে আজ সকালে হিনা রাব্বানি খার প্রথমবারের মতো ঢাকায় আসেন। সকাল সোয়া ১০টার দিকে তাঁকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যান হিনা। বৈঠক শেষে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে যান। তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিশেষ দূত হিসেবে ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে আমন্ত্রণপত্র দেন। তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ভোজে অংশ নিয়ে তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যান। বেলা সাড়ে তিনটার দিকে তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।১৯ থেকে ২২ নভেম্বর ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আট জাতির উন্নয়নশীল জোটের শীর্ষ সম্মেলনে শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করবেন ২২ নভেম্বর।