বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে মানবতার বিরুদ্ধে যেসব জঘন্য অপরাধ ঘটে, তার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে পাকিস্তানের অবস্থানও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কের উন্নতি করতে হলে এর কোনো বিকল্প নেই।আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত আশরাফ কোরেশির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে এক বৈঠকের পর দুপুর দুইটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘পাকিস্তানের হাইকমিশনার আজ এক সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। দুই দেশের ব্যবসা-বাণিজ্য, রপ্তানি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি তাঁদের বলেছি, বাণিজ্য সম্পর্কের উন্নতি ঘটাতে হলে ১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে যে অপরাধ হয়েছিল, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’পাকিস্তানের হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশ মানবতার বিরুদ্ধে অপরাধের যে বিচার করবে, তাতে পাকিস্তান অসহযোগিতা বা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না।