পাকিস্তানকে নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করবেন না ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সন্ত্রাসবাদের বিস্তৃতিতে সহায়তা করছে—এমন মন্তব্য প্রত্যাহার করবেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ডাউনিং স্ট্রিট সূত্র থেকে জানা যায়, পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির যুক্তরাজ্য সফরকে সামনে রেখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পাকিস্তানের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করবেন, কিন্তু তাঁর মন্তব্য প্রত্যাহার করবেন না বা ক্ষমা চাইবেন না।এর আগে যুক্তরাজ্যর প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পূর্বনির্ধারিত যুক্তরাজ্য সফর বাতিল করেছেন। পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও যেন যুক্তরাজ্য সফর বাতিল করেন—এ জন্য প্রতিবাদমুখর হয়ে উঠেছে পাকিস্তানি জনসাধারণ। আজ সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে সাক্ষাতের জন্য ফ্রান্সে পৌঁছেছেন জারদারি। আগামীকাল মঙ্গলবার তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন এবং শুক্রবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের গ্রামের বাড়ি চেকার্সে তাঁর সঙ্গে বৈঠক করবেন।এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে কর্মরত যুক্তরাজ্যের হাইকমিশনার এডাম থমসনকে তলব করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।এর পরপরই যুক্তরাজ্যের পররাষ্ট্র বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফরসহ দ্বিপক্ষীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। পিটিআই, বিবিসি অনলাইন।