পাকিস্তানকে সহায়তা বন্ধ করতে মার্কিন কংগ্রেসে বিল
পাকিস্তানে সব ধরনের সহায়তা বন্ধ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করা হয়েছে। মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দলের টেক্সাসের আইনপ্রণেতা টেড পোয়ে বিলটি উত্থাপন করেছেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।বিলটি পাস হলে পাকিস্তানে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ হয়ে যাবে। তবে দেশটির পরমাণু অস্ত্রের নিরাপত্তায় দেওয়া মার্কিন সহায়তা এ বিলের আওতায় পড়বে না।মার্কিন কংগ্রেসম্যান ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য টেড পোয়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কথিত সহযোগী লাখ লাখ মার্কিন ডলার নেওয়া অব্যাহত রেখেছে, একই সঙ্গে যে জঙ্গিরা আমাদের ওপর হামলা করছে, তাদের সহায়তা করছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই পাকিস্তানকে সব ধরনের সহায়তা দ্রুত বন্ধ করে দিতে হবে।’এর আগে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আইএসআই হাক্কানিগোষ্ঠীকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে এই জঙ্গিগোষ্ঠী সম্প্রতি কাবুলে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে।যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশ দুটির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসলামাবাদের বিরুদ্ধে এ রকম অভিযোগ অব্যাহত থাকলে তাদের এক মিত্র হারাতে হবে।