পাকিস্তানকে ১২১ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে সব বিতর্কের জবাব দেওয়ার মোক্ষম একটি সুযোগ এসেছিল ঘটনা-দুর্ঘটনায় জর্জরিত পাকিস্তান দলের। তিন ওয়ানডের সিরিজে দুটি ওয়ানডে জিতে সেই সম্ভাবনাও জেগে উঠেছিল। কাল তৃতীয় ওয়ানডেতে শোয়েব আকতার ঝলসে উঠে ক্ষেত্রও প্রস্তুত করে দিয়েছিলেন। কিন্তু পাকিস্তানের শেষ রক্ষা হলো না ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায়। ইংল্যান্ডকে ২৫৬ রানে আটকে দিয়েও নিজেদের ইনিংস তাঁরা শেষ করেছে ১৩৫ রানে। ১২১ রানের বিশাল পরাজয়কে সঙ্গী করে শেষ পর্যন্ত পাকিস্তান শেষ করল বহু বিতর্কিত, আলোচনা ও সমালোচনার এক ক্রিকেট সফর।সাউদাম্পটনের রোজবোল মাঠে অনুষ্ঠিত দিন-রাতের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ৪৭ রানে তিনটি উইকেট হারিয়ে প্রাথমিকভাবে কিছুটা বিপদেও পড়ে গিয়েছিল ইংলিশরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর পল কলিংউড ও মরগান মিলে পাকিস্তানিদের বিপক্ষে প্রতিরোধ গড়ে ইংল্যান্ড দলকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেন। মরগান ১০১ বলে ১০৭ রান করেন। কলিংউড করেন ৪৭ রান। শেষের দিকে ব্রেসনান ১২ বলে ১৮ রান করে অপরাজিত থাকলে ইংল্যান্ডের ইনিংস আড়াই শর কোটা পেরিয়ে যায়।পাকিস্তানের পক্ষে শোয়েব আকতার অনেক দিন পর নিজেকে নতুন করে চেনান। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই বোলার বেশ কিছু দিন নিজেকে হারিয়ে খোঁজার পর কাল ৪০ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসে ভাঙন সৃষ্টি করেন। আকতারের পাশাপাশি মোহাম্মদ হাফিজ, উমর গুল ও শহীদ আফ্রিদি প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন।ইংল্যান্ডের ২৫৬ রানের জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে সূচনাটা কিন্তু ভালোই করেছিল। পাকিস্তানের প্রথম উইকেটের পতন হয় ৬৩ রানে। এর পরপর সেই ৬৩ রানেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে পাকিস্তানের। ২৭ ওভারে ১০৫ রানে পাঁচ উইকেট হারানোর পর লেট অর্ডারের ব্যর্থতায় পাকিস্তান দল বাকি পাঁচ উইকেট হারায় মাত্র ৩০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন কামরান আকমল। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে।ইংল্যান্ডের পক্ষে ক্রিস ব্রড ২৫ রানে তিনটি ও সওয়ান ২৬ রান তিন উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ২৫৬/৬ (৫০ ওভার)মরগান ১০৭, কলিংউড ৪৭, ব্রেসনান ১৮শোয়েব আকতার ৩/৪০পাকিস্তান ১৩৫/১০ (৩৭ ওভার)কামরান আকমল ৪১ব্রড ৩/২৫, সওয়ান ৩/২৬ইংল্যান্ড ১২১ রানে জয়ী