পাকিস্তানকেন্দ্রিক মুদ্রা জালিয়াত চক্রের হোতা মজুমদার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকেন্দ্রিক মুদ্রা জালিয়াত চক্রের এ দেশের অন্যতম প্রধান হোতা মজুমদার ওরফে সোলায়মান ধরা পড়েছেন। কয়েক দিন আগে একই চক্রের আরেক সদস্য আবদুল মান্নানসহ তাঁকে ঢাকায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।গোয়েন্দা সূত্র জানায়, প্রকৃত নাম সোলায়মান হলেও আন্তসীমান্ত মুদ্রা জালিয়াত চক্রের কাছে তিনি ছদ্মনাম মজুমদার হিসেবে পরিচিত। তাঁর বাড়ি কুমিল্লায়, থাকেন গুলশানে। পাকিস্তান থেকে জাল মুদ্রা এনে তা বাংলাদেশ, ভারত ও নেপালে বাজারজাতকারী চক্রগুলোর সমন্বয়কারী তিনি।অভিযোগ আছে, পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার হয়ে মজুমদার এ দেশে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদের (হুজি) মতো জঙ্গি সংগঠনকেও ভারতীয় জাল মুদ্রার কারবারে সম্পৃক্ত করেছেন। গত কয়েক বছরে বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া জাল মুদ্রার কারবারিদের কাছ থেকে উভয় দেশের গোয়েন্দারা এ তথ্য পান। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মজুমদারকে গত রোববার এবং মান্নানকেও কাছাকাছি সময়ে আটক করা হয়। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবশ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আটকের পর মজুমদার ও মান্নানের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।গতকাল ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম ও অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি দল বুধবার রাতে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আবদুল মান্নান হাওলাদারকে (৪২) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ভারতীয় জাল মুদ্রা ১০ হাজার রুপি উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, পরদিন বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গুলশান এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান মজুমদারকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তাঁরা এ দেশে জাল টাকা, হুন্ডি ও অবৈধ ওষুধ ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত বলে স্বীকার করেছেন।ডিবির সহকারী কমিশনার এস এস রফিকুল ইসলাম বলেন, মজুমদারের সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলার পলাতক জঙ্গি তাজউদ্দিনের যোগাযোগ ছিল এবং তিনি জঙ্গিদের জাল মুদ্রা সরবরাহ করতেন। এর আগে ২০০৬ সালে ভারতে গ্রেপ্তার হওয়া যমজ জঙ্গি ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামি মুরসালিন ও মুত্তাকিনও দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদে জাল মুদ্রার কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন। সম্প্রতি দেশের একটি গোয়েন্দা সংস্থার হাতে আসা তাঁদের জবানবন্দিতে দেখা যায়, তাঁরা বলেছেন, সংগঠনের সিদ্ধান্তে হুজি জাল মুদ্রার ব্যবসায় নামে এবং তাঁদের ভারতীয় জাল মুদ্রা সরবরাহ করতেন বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন। প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালের ১৯ ডিসেম্বর ভারতের কলকাতায় জাল ভারতীয় মুদ্রা ১০ লাখ রুপিসহ গ্রেপ্তার হন বাংলাদেশি ইয়াকুব ওরফে সরফরাজ। তখন সরফরাজের পৃষ্ঠপোষক হিসেবে ঢাকার ওই মজুমদারের নাম বেরিয়ে আসে। পাকিস্তান থেকে জাল মুদ্রা এনে তা বাংলাদেশ ও নেপাল হয়ে ভারতে বাজারজাতকারী চক্রগুলোর একজন বড় নেতা সরফরাজ। তিনি ঢাকার কাকরাইলে সপরিবারে থাকতেন। অবশ্য তাঁর স্ত্রী লতিফা বেগম এ প্রতিবেদকের কাছে দাবি করেন, তাঁর স্বামী পাকিস্তান থেকে কাপড় আমদানি করতেন। সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, ২০০৮ সালের ২৯ অক্টোবর রাতে ঢাকার মেরাদিয়া ও মিরপুর থেকে জেএমবি পরিচালিত যে মুদ্রা জালিয়াত চক্র ধরা পড়েছিল, তারাও সরফরাজ ও মজুমদারের নাম বলেছিল। এর পর থেকেই মজুমদারকে শনাক্ত করতে সিআইডি, ডিবি ও র্যাব গোয়েন্দা তত্পরতা শুরু করে। মজুমদার-সরফরাজের নেতৃত্বে পাকিস্তানকেন্দ্রিক এসব জালিয়াত চক্রের ব্যাপারে প্রথম আলোতে গত বছরের ১৬ মে ও চলতি বছরের ৩০ জানুয়ারি দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে গত মাসে ঢাকায় তিন পাকিস্তানি নাগরিকসহ এসব চক্রের সাতজনকে গ্রেপ্তার করে ডিবি।