পাকিস্তানি গণমাধ্যমের মতে লাদেন হত্যা ইসলামাবাদকে বিব্রত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ভেতরে ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনা ইসলামাবাদকে বিব্রত করবে। এমন মন্তব্য করেছে পাকিস্তানেরই গণমাধ্যম। আজ মঙ্গলবার পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সম্পাদকীয় ও মতামত কলামে এ কথা বলা হয়েছে। গতকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন মার্কিন মেরিন সেনাদের হাতে নিহত হন। লাদেন পাকিস্তানে অবস্থান করছেন বলে এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্র দাবি করে। তবে প্রতিবারই পাকিস্তান তা নাকচ করে দেয়।পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে, ওয়াশিংটন এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের অসন্তোষ প্রদর্শনের জন্য ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। পাকিস্তানের জং পত্রিকা গোষ্ঠীর ইংরেজি দৈনিক দ্য নিউজ তাদের সম্পাদকীয়তে বলেছে, লাদেনকে খুঁজে পেতে পাকিস্তানের ব্যর্থতা অত্যন্ত দুঃখজনক।অপর ইংরেজি দৈনিক ডেইলি টাইমস বলেছে, কোনো ধরনের পদক্ষেপ ছাড়াই লাদেন কী করে আমাদের দেশে লুকিয়ে থাকলেন, আমেরিকার কাছে তা ব্যাখ্যা করা কষ্টকর হবে।পুরোনো দৈনিক দ্য ডন বলেছে, এ ঘটনা পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দাদের মধ্যে সহযোগিতার পর্যায়টিকে প্রশ্নবিদ্ধ করেছে।পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়, সেনা একাডেমির কয়েক কিলোমিটারের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে লাদেনের অবস্থান দেশটির সেনাবাহিনীর মর্যাদা ও দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।এদিকে গতকাল সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে দাবি করেন, লাদেনকে হত্যার অভিযানে মার্কিন বাহিনীর সঙ্গে তাঁর দেশের সেনারা অংশ নেননি। তবে দায় এড়ানোর জন্য প্রেসিডেন্টের এ বক্তব্য পাকিস্তানের গণমাধ্যমের কাছে সন্তোষজনক মনে হয়নি। রয়টার্স।