পাকিস্তানি গুপ্তচর সন্দেহে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কাছে সামরিক গোপন তথ্য পাচারে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ভারতের পুলিশ। ভারতীয় ওই নাগরিককে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। গতকাল সোমবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।পুলিশের দাবি, আটক ব্যক্তি গত সপ্তাহে রাজস্থানের পোখরানের কাছে অনুষ্ঠিত সামরিক বাহিনীর সমরাস্ত্র মহড়ার বিস্তারিত তথ্য পাকিস্তানের আন্তসামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে জানিয়েছেন।ভারত ও পাকিস্তান প্রায়ই পরস্পরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির এমন অভিযোগ তুলে থাকে। কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করার কয়েক সপ্তাহের মধ্যে এই গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হলো।ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ডি এস দিনকার জানান, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক কর্মকাণ্ড সম্পর্কে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।এক প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তি পাকিস্তানে তাঁর এক আত্মীয়ের কাছে ফোন করেছিলেন। এর ভিত্তিতেই সন্দেহ করা হয়, তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করছেন। এরপর তাঁকে আটক করা হয়। ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত রোববার রাজস্থানের পোখরানের নিকটবর্তী এক গ্রাম থেকে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। গতকাল জয়পুরের আদালতে তাঁকে হাজির করে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি নেওয়া হয়েছে।গত শুক্রবার পোখরানের কাছে অনুষ্ঠিত ‘আয়রন ফিস্ট’ সামরিক মহড়ায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন।