পাকিস্তানি জঙ্গির আশ্রয়দাতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের এক জঙ্গির আশ্রয়দাতা এ কে এম মহিউদ্দিন ও তাঁর ভাই সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।মহিউদ্দিনের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বড়কুল ইউনিয়নে। ঢাকার এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের ভাড়া বাসায় তিনি সপরিবারে বসবাস করতেন। ওই বাসা থেকে গত ২৮ ফেব্রুয়ারি জইশে মুহাম্মদের জঙ্গি ও পাকিস্তানি নাগরিক রেজোয়ান আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব। তখন মহিউদ্দিনের দুই ছেলে ইমাদ উদ্দিন ও সাদেক হোসেন এবং ভাতিজা আবু নাসেরকেও গ্রেপ্তার করা হয়। তারপর থেকে মহিউদ্দিন ও তাঁর ভাই সালাহউদ্দিন পলাতক আছেন।মহিউদ্দিন ও সালাহউদ্দিনকে আজ র‌্যাব সদর দপ্তরে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ সময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের বলেন, মহিউদ্দিন বাংলাদেশে পাকিস্তানভিত্তিক জঙ্গিদের অন্যতম পৃষ্ঠপোষক।র‌্যাব কর্মকর্তারা জানান, মহিউদ্দিন গত সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন। তিনি চাঁদপুরের পশ্চিম বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মহিউদ্দিন ব্যবসায়িক কাজের নামে প্রায়ই পাকিস্তানে যাতায়াত করতেন। চাঁদপুর ও ঢাকায় তাঁর কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মহিউদ্দিনের এসব ব্যবসায় বৈদেশিক জঙ্গি সংগঠনের বিনিয়োগ রয়েছে বলেও র‌্যাব দাবি করে।