পাকিস্তানি মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় মুসলিম লীগ বা পাকিস্তান আন্দোলনের যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের অধিকাংশই ছিলেন উচ্চবর্গের—ভূস্বামী বা ক্ষয়িষ্ণু ভূস্বামী। ধর্ম ব্যবহার তাঁদের স্বার্থরক্ষায় সহায়তা করেছিল। পাকিস্তানি গবেষক জিয়াউল হক এর ব্যাখ্যা করে লিখেছেন, ‘সামাজিক দায়িত্ববোধ ও সততা থেকে বিচ্ছিন্ন এই ধর্মবোধের ওপর বেশি গুরুত্ব নানা রকম ভণ্ডামির জন্ম দেয় এবং শাসকশ্রেণীর হাতকেই আরও শক্তিশালী করে। ধর্মের রাজনীতিকেরা দরিদ্র জনগণের বিভ্রান্তি ও তাদের ওপর শোষণকেই আরও বৃদ্ধি করে এবং যে দুর্নীতিকে তারা চারদিকে দেখে আসছে এবং যে দুর্নীতির ভেতর তারা দীর্ঘকাল ধরে আটকে রয়েছে, সেটাই বৃদ্ধি করে। ধর্মের বাহ্যিক আচার-আচরণ একধরনের প্রতিরক্ষাব্যূহ তৈরি করে, যা দিয়ে এর প্রবক্তারা নিজেদের সামন্ততন্ত্র ও পুঁজিবাদসৃষ্ট দুর্নীতির ক্লেদ থেকে মুক্ত রাখার চেষ্টা করে।’ইতিহাসের এই ব্যবহার মুসলমান তরুণদের সংগঠনে ভূমিকা রেখেছে এবং পাকিস্তান মানসিকতা তৈরি করেছে। ব্যাপারটা দাঁড়িয়েছিল এমন যে, পাকিস্তান=মুসলমান, ভারত=হিন্দু। এই মানসিকতা গঠন এত তীব্র ছিল যে এর রেশ উপমহাদেশের মুসলমানদের পক্ষে একেবারে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। প্রাক ১৯৭১ সালে শাসকেরা ইতিহাসের এই পথ ধরেই ক্ষমতায় এসেছেন।প্রথম পৃষ্ঠার পর করাচিতে সাক্ষাৎকার নেওয়ার সময় বেনজির ভুট্টো বলেছিলেন, আসলেই বাঙালিদের সমভাবে দেখা হতো না। তাঁরা তখন বাস করতেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী খাজা শাহাবুদ্দীনের বাসার কাছে। দুই পরিবারের মধ্যে যাতায়াত ছিল। বেনজির বলেছেন, তাঁরাও বলতেন, তাঁদের প্রতি মর্যাদাপূর্ণ ব্যবহার করা হয় না।পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় অধ্যাপক আহমদ হাসান দানি বলেছিলেন, ‘পশ্চিম পাকিস্তানিরা যে সব সময় বাঙালিদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি তার সাক্ষী। যেহেতু আমি পূর্ব পাকিস্তানে ছিলাম, বাঙালিদের সঙ্গে সম্পর্ক ছিল, সেহেতু আমার সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়েছে। বাঙালিরা স্বাধীনতা চাইবে, তাতে অবাক হওয়ার কী আছে?’১৯৭১ সালে পাকিস্তান চালিয়েছেন যেসব জেনারেল, তাঁদের কয়েকজনের মতামত শোনা যাক:১. মুসলমানদের বাঙালিরা পছন্দ করত না। পছন্দ করত হিন্দুদের।—ফজল মুকিম খান।২. শিক্ষাব্যবস্থা ছিল হিন্দুদের নিয়ন্ত্রণে। তারাই পাকিস্তানবিরোধী প্রচার করে। ফলে পাকিস্তানের সঙ্গে সংহতি দানা বাঁধেনি।—সাদুল্লা।৩. বাঙালিরা ধুতি পরে। অর্থাৎ হিন্দুদের অনুসরণ করে।—রাও ফরমান আলী।পাকিস্তানিরা মনেপ্রাণে বিশ্বাস করত, ভারত প্রথম থেকেই পাকিস্তানকে ভাঙতে চেয়েছে এবং এতে বাঙালিদের সায় আছে। বাঙালিরা মুসলমান হলেও ঠিক পশ্চিম পাকিস্তানিদের মতো ততটা মুসলমান নয়।পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক এম এ নাকভি বলেছিলেন, পঞ্চাশের দশকে বিদেশি অর্থনীতিবিদেরা দুই প্রদেশে এক সমীক্ষা চালিয়ে জানিয়েছিলেন, পশ্চিম পাকিস্তানে কৃষিতে ও পূর্ব পাকিস্তানে শিল্পে বিনিয়োগ করা হোক। এ নীতি গ্রহণ করা হয়নি। আলতাফ গওহর বলেছিলেন, বাঙালিরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ছিল না। তারা কেন্দ্রের কিছু নীতির বিরুদ্ধে ছিল, যা ছিল যুক্তিযুক্ত। কেন্দ্র প্রদেশগুলোর অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল এবং পূর্ব পাকিস্তানকে ক্রমান্বয়ে কেন্দ্রের ওপর নির্ভরশীল করে তোলা হচ্ছিল। পাটের আয় নিয়ে নিচ্ছিল কেন্দ্র।এয়ার ভাইস মার্শাল আসগর খান বলেছেন, ‘শাসকচক্র চেয়েছিল, আমরা নিয়ন্ত্রিত হই সামন্তশ্রেণী দ্বারা।’ এম এ নাকভি বলেছেন, পূর্ব পাকিস্তানের চিরস্থায়ী বন্দোবস্ত বিলোপ বজ্রপাতের মতো কাজ করেছে। পশ্চিম পাকিস্তানি শাসকদের মনে হয়েছে, এরা সব বিপ্লবী। জমিদারদের হটিয়ে দিয়েছে। কারণ, পশ্চিম পাকিস্তানের সাংসদেরা ছিলেন ভূস্বামী, নিজ জমিদারিতে যাঁদের ক্ষমতা ছিল অপ্রতিহত। তাঁদের সহযোগী ছিলেন সামরিক ও বেসামরিক আমলারা, যাঁদের অনেকে আবার ছিলেন সামন্ত-পরিবারের অংশ। এই তিন গোষ্ঠী মিলে সৃষ্টি করেছিল পশ্চিম পাকিস্তান তথা কেন্দ্রীয় শাসকচক্র।মেরাজ মোহাম্মদ ১৯৭১ সালে ছিলেন পিপিপির প্রভাবশালী তরুণ নেতা। তিনি বললেন, ক্ষমতাসীন এলিট ও সেনাবাহিনী ধর্মনিরপেক্ষতা, সামন্তবিরোধিতা ও ক্ষমতার সংকোচন বরদাশত করতে রাজি ছিল না। জেনারেল ইয়াহিয়া যখন বলেছিলেন, শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন; তখন ভুট্টো বলেছিলেন, তা হতে পারে না। এর অর্থ যে কটি উপাদানকে শাসকচক্র ভয় করে, শেখ মুজিবুর রহমান তো তাদের পক্ষে। ব্রিগেডিয়ার এ আর সিদ্দিকী বলেছেন, ‘সেনাবাহিনী সহানুভূতিশীল ছিল পশ্চিম পাকিস্তানের প্রতি আর ভুট্টো ছিলেন তাদের মুখপাত্র।’আসগর খানের মতে, পশ্চিম পাকিস্তানের ক্ষমতা যাঁরা নিয়ন্ত্রণ করতেন তাঁরা ভেবেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সামন্ততন্ত্র থাকবে না, সুতরাং ক্ষমতায় তাদের আসতে দেওয়া যায় না। কবি আহমদ সেলিম ইসলামাবাদে আমার সঙ্গে আলাপ করার সময় বলেছিলেন, সত্তরের নির্বাচনের পর পশ্চিম পাকিস্তানের সামন্ত-প্রভুদের কয়েকজন প্রতিনিধি মুজিবের সঙ্গে দেখা করে এ আশ্বাস চেয়েছিলেন যে, পশ্চিম পাকিস্তানের জমিদারদের বিরুদ্ধে কিছু করা হবে না। কিন্তু মুজিবের সঙ্গে তাঁরা আলোচনা করতে পারেননি।বাঙালিরা সচেতন, শিক্ষিত, গণতন্ত্রমনা। তারা আইয়ুব খানকে গদিচ্যুত করেছে। ভাষা আন্দোলন করেছে। তারা ক্ষমতায় এলে কী হবে? শাসকচক্র প্রকাশ্যে এসব কথা বলতে পারছিল না। তখন তারা নতুন এক তত্ত্বের উদ্ভব করে, যা আমরা খুব একটা জানি না। সেটি হচ্ছে ‘লায়াবিলিটি তত্ত্ব’। অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাঁধে বোঝাস্বরূপ।কামারউল ইসলাম বলেছেন, ‘আইয়ুব খান, কালাবাগের আমির, পরিকল্পনা কমিশনের এম এম আহমেদের মত ছিল, পূর্ব পাকিস্তানের আর দরকার নেই।’ এম এম আহমেদ এ কারণে হিসাব-নিকাশ করে দেখিয়েছিলেন, পূর্ব পাকিস্তান ছাড়াও পাকিস্তান চলবে। এটি এখন বোঝা। সুতরাং তাদের আর কোনো রাজনৈতিক ছাড় দেওয়ার দরকার নেই।এম এ নাকভি স্পষ্টভাবে বলেছেন, ১৯৬৫ সালের দিকে পরিকল্পনা কমিশনের পশ্চিম পাকিস্তানি সদস্য এবং আমলারা বলেছিলেন, পূর্ব পাকিস্তান বোঝা। ‘পূর্ব পাকিস্তানকে আমাদের ঝেড়ে ফেলা উচিত। কারণ এদের জনসংখ্যা বেশি, সম্পদ কম। এরা আমাদের নিয়ন্ত্রণ করবে, তা হতে পারে না।’১৯৬৯ সালে আইয়ুব খানের পতনের পর এই তত্ত্ব পশ্চিম পাকিস্তানি এলিটদের প্রভাবিত করেছিল। ১৯৭০-এর নির্বাচনের ফল তাদের বিমূঢ় করে দিয়েছিল। এ পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল ১৯৭১ সালের পটভূমি, যাকে বলা যেতে পারে তাৎক্ষণিক কারণ।আমরা যেসব আমলার সাক্ষাৎকার নিয়েছিলাম, তাঁরা যুদ্ধের কথা স্বীকার করেছেন; কিন্তু যুদ্ধের ভয়াবহতা বা গণহত্যার কথা অস্বীকার করেছেন। তাঁরা নাকি কিছু জানতেন না। এম এ নাকভি বলেছেন, এসব কথা ভাঁওতাবাজি। ট্রানজিস্টরে কেউ বিবিসি বা অন্য কোনো রেডিও শোনেননি, এটা মিথ্যা। এক পার্টিতে বিশ্বব্যাংকের এক নারী উপদেষ্টা আমাকে বলেছিলেন, নিয়মিত বাংলাদেশ থেকে কফিন আসছে, যুদ্ধের ভয়াবহতা বোঝা যাবে না কেন?জেনারেলরা তাঁদের বইয়ে মুক্তিযুদ্ধ ও গণহত্যাকে এড়িয়ে যেতে চেয়েছেন, যদিও তাঁদের অনেকে যুদ্ধক্ষেত্রে ছিলেন। ফজল মুকিম খান যেমন লিখেছেন, মুক্তিযুদ্ধ হলো ভারতীয় আগ্রাসন। সাদুল্লা লিখেছেন, মুক্তিযোদ্ধা কারা? ভয় পেয়ে কিছু লোক ভারত গিয়েছিল। ভারত তাদের আটকে রেখে বাধ্য করে যুদ্ধ করতে। আর গণহত্যা? যেসব স্বেচ্ছাসেবী বা শরণার্থী অবাধ্য হতো, ভারত তাদের ও তাদের পরিবারের লোকদের হত্যা করে নদীতে ভাসিয়ে দিত। রাও ফরমান আলী বলেছেন, ‘বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয় আর মুক্তিবাহিনী।’আসলে ভারতের কাছে পরাজয়ের ব্যাপারটা তবুও স্বীকার করা যায়। কিন্তু বাঙালিদের কাছে? অসম্ভব। জেনারেলদের বিশেষ ক্রোধ রাজনীতিবিদ, বিশেষ করে বাঙালি রাজনীতিবিদ ও দল হিসেবে আওয়ামী লীগের প্রতি। পাকিস্তান ও বাংলাদেশের দুর্গতির জন্য এককভাবে রাজনীতিবিদেরা দায়ী। আর বাঙালি রাজনীতিবিদেরা হচ্ছে ‘বাস্টার্ড’। কয়েকটি উদাহরণ দিই:১. মুজিব হলো জারজ।—ইয়াহিয়া খান।২. রাজনৈতিক নেতাদের ‘নৈরাজ্য ও অপকর্ম’ সবকিছুর জন্য দায়ী।—ফজল মুকিম খান।৩. মুজিব বিশ্বাসঘাতক।—ফজল মুকিম খান।৪. পাকিস্তান ভাঙার জন্য দায়ী রাজনীতিবিদেরা।—রাও ফরমান আলী।৫. ১৯৭০ সালে নির্বাচনের টাকা [আওয়ামী লীগের কাছে] এসেছে ভারত থেকে।—রাও ফরমান আলী।৬. তাজউদ্দীন ছিলেন ব্রাহ্মণপুত্র, ‘মনেপ্রাণে ভারতীয়’।—রাও ফরমান আলী।৭. আইয়ুবের ভুল হচ্ছে, রাজনীতিবিদদের তিনি কাঠগড়ায় দাঁড় করাননি।—গুল হাসান খান।এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। রাজনীতিবিদদের ঢালাওভাবে দায়ী করলেও তাঁদের আক্রোশটা বেশি ছিল বাঙালি রাজনীতিবিদদের প্রতি। কোনো বাঙালি রাজনীতিবিদের প্রতি তাঁরা একটিও ভালো বাক্য উচ্চারণ করেননি। ১৯৭১ সালের ঘটনা বিশ্লেষণকালে তাঁরা যতটা না ভুট্টোর প্রতি, তার চেয়ে বেশি বঙ্গবন্ধুকে শুধু দায়ী নয়, হেয় করেছেন। প্রায় ক্ষেত্রে তাঁকে ‘গুন্ডা’, ‘বিশ্বাসঘাতক’ বা ‘জারজ’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁরা যে মনেপ্রাণে কতটা বর্ণবাদী ছিলেন, এগুলো তার প্রমাণ।তাহলে কে দায়ী পাকিস্তান ভাঙার জন্য? এসব কারণ বা পটভূমিকার কথা না তুলে যদি প্রশ্ন করা যায়, তাহলে দুই ধরনের উত্তর পাওয়া যাবে। আমরা যাঁদের সাক্ষাৎকার নিয়েছি, তাঁরাও দুই ধরনের উত্তর দিয়েছেন। ১. দুই পক্ষই দায়ী; ২. ইয়াহিয়া-ভুট্টো-মুজিব বা ভুট্টো-ইয়াহিয়া-মুজিব দায়ী।যাঁরা বলছেন দুই পক্ষই দায়ী, তাঁদের মতে, পশ্চিম পাকিস্তান হয়তো বেশি দায়ী, তবে পূর্ব পাকিস্তান এতটা বাড়াবাড়ি না করলেও পারত। দ্বিতীয় উত্তরটির পক্ষে অধিকাংশ মানুষ। সবাই ভুট্টো-ইয়াহিয়াকে এক-দুই নম্বরে স্থান দিয়েছেন। রফি রাজা বলেছেন, ভুট্টো ও ইয়াহিয়ার একধরনের সমঝোতা ছিল, যা হয়তো অন্য কেউ জানত না। মেরাজ মোহাম্মদ বলছেন, পাকিস্তান ভাঙার জন্য ভুট্টো দায়ী। নিজেদের সামন্তব্যবস্থাকে বাঁচানোর জন্য তিনি পাকিস্তান ভেঙেছিলেন।এদের অধিকাংশকে একটি প্রশ্ন করেছিলাম। পাকিস্তানে তো সম্প্রতি (সাক্ষাৎকার নেওয়ার সময়) একটি নির্বাচন হয়েছে? হ্যাঁ। নওয়াজ শরিফ জিতেছেন? হ্যাঁ। তাহলে বেনজির ভুট্টো পার্লামেন্টে কেন গেলেন? তিনি কেন বলছেন না, পার্লামেন্টে যাওয়ার আগে রেস্তোরাঁয় বসে তাঁর সঙ্গে আলাপ করতে হবে? উত্তর, না, না, তা কী করে হয়! ঠিক আছে, বলি আমি। ১৯৭০ সালে সারা পাকিস্তানে একটা নির্বাচন হয়েছিল? হ্যাঁ। আওয়ামী লীগ জিতেছিল? হ্যাঁ। তাহলে ক্ষমতা তাকে হস্তান্তর করতে হবে? হ্যাঁ। তবে আওয়ামী লীগ ছয় দফা চেয়েছিল, যা পাকিস্তান ভাঙার শামিল। ঠিক আছে, বলি আমি, নির্বাচন হয়েছিল মার্শাল ল এবং এলএফও-এর অধীন? হ্যাঁ। শাসকেরা এটি জেনেও তো আওয়ামী লীগকে বাধা দেয়নি। তাদের আর কোনো উত্তর নেই। থাকার কথাও নয়। বুঝতে পারি, সম্পূর্ণ দায় নিজের ওপর নিতে অস্বস্তি লাগে, তাই এ উত্তর। কিংবা ওই যে সরকার প্রচারণা চালিয়েছিল, তা-ই মাথায় গেঁথে গেছে।জেনারেল তোজাম্মেল লিখেছেন, পঞ্চাশের দশকে তিনি যখন ঢাকায়, তখন সদরি ইস্পাহানি তাঁকে বলেছিলেন, পাকিস্তানি শাসকদের ব্যবহারের ধরন না বদলালে পাকিস্তান এক থাকবে না। তাঁর ভাষায়, ‘আমার এখনো মনে আছে, মাঝেমধ্যেই তিনি বলতেন যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৃহত্তর কোনো সামাজিক যোগাযোগ ও ভারসাম্যপূর্ণ লেনদেন না হলে তাদের ঐক্য বেশি দিন থাকবে না। পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের উপনিবেশসুলভ আচরণ করা উচিত নয়। এই অংশের সঙ্গে তাদের অবশ্যই স্বদেশের মতো আচরণ করতে হবে।’ অধ্যাপক দানি বলেছেন, ১৯৬২ সালে তিনি যখন ঢাকা ত্যাগ করেন, তখন উপাচার্য তাঁকে জিজ্ঞেস করেছিলেন, কেন আপনি চলে যাচ্ছেন? দানি বলেছেন, তিনি উপাচার্যকে জানিয়েছিলেন, ‘এখানকার অবস্থা দুঃখসহ করে তোলা হচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, পাকিস্তান ভেঙে যাবে।’ ড. মুবাশ্বির হাসান বলেছেন, বাংলাদেশের জন্ম ছিল অবশ্যম্ভাবী।অর্থাৎ পাকিস্তানিরা জানত, বাংলাদেশ হবে এবং এর কারণ তারা নিজেরাই। যে কদিন থাকে, তার থেকে যা পারো, লুটপাট করে নাও। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত সে কাজটিই তারা করে গেছে।মুনতাসীর মামুন: গবেষক, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।