পাকিস্তানি রাজনীতিকদের প্রতি কারজাইয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীশিক্ষার বিস্তারে ও ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে পাকিস্তান ও আফগানিস্তানে প্রচারাভিযানে ব্যস্ত স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানদের হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনীতিক ও ধর্মীয় নেতাদের প্রতি চিঠি পাঠিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।ডন অনলাইনের খবরে বলা হয়, আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা আজ রোববার জানিয়েছেন, প্রেসিডেন্ট গতকাল শনিবার রাতে চিঠিগুলো পাঠান।চিঠিতে তিনি বলেন, ১৪ বছর বয়সী মালালার ওপর হামলার ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী লড়াইয়ে আফগানিস্তান ও পাকিস্তানের ‘সহযোগিতাপূর্ণ ও আন্তরিক’ কর্মসূচি গ্রহণ করা দরকার। কারজাই বলেন, মালালার ওপর হামলাকে তিনি কোনো আফগান নারীর ওপর হামলার সমতুল্য বলে মনে করেন। তিনি লিখেছেন, ‘এই নিন্দনীয় ঘটনার প্রতি নজর দেওয়া খুবই দরকার।’ তিনি বলেন, ‘যাঁরা এ ঘটনায় হতাশ হয়েছেন, তাঁদের চুপ করে থাকা উচিত নয়। “আফগানিস্তান ও পাকিস্তানের শিশুরা” যাতে নির্যাতন থেকে রেহাই পেতে পারে, সে জন্য দেশ দুটির উচিত সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা।’ পাকিস্তানের বেশ কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতার উদ্দেশে চিঠি পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ, মুসলিম লিগের (নেওয়াজ) নেতা নওয়াজ শরিফ, জামাতে ইসলামির নেতা কাজী হুসেইন আহমেদ, পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) নেতা চৌধুরী সুজাত হুসাইন ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান।মালালা ইউসুফজাই গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে তালেবান জঙ্গিদের গুলিতে আহত হয়। সে তার এলাকা সোয়াত উপত্যকায় নারীশিক্ষা বিস্তারে কাজ করার জন্য পাকিস্তানজুড়ে বিশেষ খ্যাতি ও সম্মান লাভ করেছে।