পাকিস্তানি রাজনীতিবিদ ইমরান ফারুকের মৃত্যুতে থমকে গেছে করাচি
পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাকালীন সদস্য ইমরান ফারুক গতকাল বৃহস্পতিবার লন্ডনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় থমকে গেছে করাচি শহর। কিছু গাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে বেশির ভাগ দোকান, স্কুল ও গ্যাস স্টেশন।গত মাসে এমকিউএমের আরেকজন রাজনীতিবিদ নিহত হওয়ার ঘটনায় করাচিতে সংঘর্ষে প্রায় ৮০ জন মারা যায়।হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিহিংসায় ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।করাচিতে প্রভাবশালী এই দলটির জ্যেষ্ঠ সদস্য ফয়সাল সাবভারি জানান, ‘আমরা ঘটনার বিস্তারিত বিবরণ ও পুলিশের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।’হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত সন্দেহে পাকিস্তানের পুলিশ এমকিউএমের প্রতিষ্ঠাকালীন এই সদস্য ইমরান ফারুককে সাত বছরেরও বেশি সময় ধরে হন্যে হয়ে খুঁজলেও তিনি সব সময়ই অভিযোগগুলো অস্বীকার করতেন। একপর্যায়ে ফারুক ব্রিটেনে আশ্রয় নেন এবং ১১ বছরেরও বেশি সময় ধরে তিনি সেখানেই ছিলেন।ব্রিটেনে পুলিশের একজন মুখপাত্র ফারুকের পরিচয় নিশ্চিত না করে বলেছেন, ৫০ বছর বয়সী এক ব্যক্তি মাথার বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে এবং ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।এমকিউএমের যেসব নেতা ব্রিটেনে আশ্রয় নিয়েছেন, তাঁদের মধ্যে ফারুক অন্যতম। ফারুকের হত্যার ঘটনায় ব্রিটিশ পুলিশ যদি এমকিউএমের কোনো প্রতিপক্ষের সম্পৃক্ততা পায়, তবে পাকিস্তানের করাচিতে এ নিয়ে গোষ্ঠীগত সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ভারত থেকে যেসব উর্দুভাষী পাকিস্তানে এসে বসবাস শুরু করেছে, এমকিউএম তাদের প্রতিনিধিত্ব করে। পাকিস্তানে সংখ্যালঘু পশতুনরা দলটির প্রধান প্রতিপক্ষ। এমকিউএম আসিফ আলি জারদারির নেতৃত্বাধীন পাকিস্তানের ক্ষমতাসীন জোটের অন্যতম সদস্য। —বিবিসি।