পাকিস্তানি সেনাকে গুলি করে হত্যার দাবি ভারতের
ভারতের গোলযোগপূর্ণ জম্মু ও কাশ্মীর সীমান্তে গতকাল বৃহস্পতিবার একজন পাকিস্তানি সেনাকে গুলি ছুড়ে হত্যা করার কথা দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। নওশেরা সেক্টরে দুই দেশের কাশ্মীরের বিভেদকারী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করায় ওই সেনাকে হত্যা করা হয় বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিবিসি অনলাইন ও ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি ওই সেনা সীমান্তের নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে একটি ভারতীয় চৌকিতে হামলার চেষ্টা করে। তাঁর গতিবিধি সন্দেজনক মনে হওয়ায় ভারতীয় সেনাবাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ওই পাকিস্তানি সেনা নিহত হয়। এ ছাড়া এ ঘটনায় দুই ভারতীয় সেনা আহত হয়েছে।গতকাল পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের এক সেনা অসাবধানতাবশত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে। তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ওই সেনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের সঙ্গে তাদের কথা হয়েছে।