পাকিস্তানি সেনাদের শক্তি বাড়াতে আলবদরের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি সেনাবাহিনীর কার্যকারিতা বাড়ানো ও স্থায়িত্বের জন্য আলবদর নামের আধা সামরিক বাহিনী তৈরি করা হয়েছিল। সরকারি ব্যবস্থাপনায় আলবদর ও রাজাকার বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হতো। এ বাহিনীটি একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদ্ধতিগতভাবে নিরস্ত্র বাঙালি জনগোষ্ঠীর ওপর ঝাঁপিয়ে পড়ে ও নৃশংসতা চালায়। মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিরা, বুদ্ধিজীবী, হিন্দু জনগোষ্ঠী ছিল তাদের মূল লক্ষ্য।গতকাল বৃহস্পতিবার জামায়াতের নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, একাত্তরে নেত্রকোনা মহকুমায় সামরিক ও বেসামরিক প্রশাসন-সম্পর্কিত একটি নথিতে দেখা যায়, কীভাবে রাজাকার ও আলবদর সদস্যদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর সাবেক উপদেষ্টা হুসেইন হাক্কানির পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড ওয়ার গ্রন্থে বলা হয়েছে, আলবদর ছিল পাকিস্তান সেনাবাহিনীর ‘ডেথ স্কোয়াড’। তারা অধ্যাপক, সাংবাদিক, সাহিত্যিক, এমনকি চিকিৎসকদের নির্মূলে নেতৃত্ব দিয়েছে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের বাঙালিদের ‘দুষ্কৃতকারী’ হিসেবে বিবেচনা করা হতো। এমনকি তাঁদের গ্রেপ্তার বা তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, এমন ঘোষণাও দেওয়া হয়েছিল। এই গ্রন্থে আরও বলা হয়, জামায়াত ও এর ছাত্রসংগঠন একাত্তরের মে মাসে দুটি আধা সামরিক বাহিনী তৈরির জন্য পাকিস্তানি সেনাদের সঙ্গে যোগ দেয়। ওই ছাত্রসংগঠন থেকে বিপুলসংখ্যক সদস্য গিয়ে আলশামস ও আলবদর গঠন করে।১৯৭২ সালের ৩ জানুয়ারি নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত ফক্স বাটারফিল্ডের একটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাদের একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে যে আলবদর পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো, তার জ্বলন্ত প্রমাণ রয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তান গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর ডেস্কে পাওয়া নথিগুলোর মধ্যে আলবদরের একাধিক গুপ্ত নথি পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, ‘ক্যাপ্টেন তাহির-আলবদরের জন্য যানবাহন’। আরেকটি নথিতে বলা হয়েছে, ‘আলবদরের ব্যবহার...’। বাঙালি নির্মূলে ব্যবহূত রাজাকার ও বিহারি আধা সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা ও পাকিস্তানি কমান্ডার হিসেবে ক্যাপ্টেন তাহিরকে মনে করা হয়।রায়ে উঠে এসেছে জামায়াত প্রসঙ্গমাওলানা আবুল আলা মওদুদীর মস্তিষ্কপ্রসূত ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধকালে ‘পাকিস্তান রক্ষা’র নামে বাঙালি নিধনে পাকিস্তানি সেনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করে। জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে গঠন করা হয় আলবদর বাহিনী, যা ছিল প্রকৃতপক্ষে জামায়াতের ‘অ্যাকশন সেকশন’ বা ‘আর্মড উইং’। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত মুক্তিযুদ্ধে ঢাকা ১৯৭১ গ্রন্থে বলা হয়েছে, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত সামরিক জান্তাকে সমর্থন করে। তাদের সহায়তার জন্য অন্যান্য ধর্মান্ধ দল নিয়ে প্রথমত গঠন করে শান্তি কমিটি। পরবর্তী সময়ে সশস্ত্র রাজাকার ও আলবদর গঠন করে এবং সরকারি স্বীকৃতি আদায় করে। যুদ্ধকে ধর্মযুদ্ধ হিসেবে প্রচারণা চালিয়ে উগ্র ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করে। আর এর আড়ালে সেনাদের সহায়তায় চলে নির্বিচারে নৃশংস গণহত্যা, লুট, নারী নির্যাতন, অপহরণ ও চাঁদা আদায়। সর্বশেষ জাতির বিবেক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।এর আগে ট্রাইব্যুনাল-২-এর দুটি রায়ে জামায়াতের প্রসঙ্গ উঠে এলেও এবারের রায়ে এসেছে আরও বিস্তৃতভাবে। জামায়াত প্রসঙ্গে এবারের রায়ে বলা হয়, একাত্তরে গঠিত শান্তি কমিটি পাকিস্তানি সেনাদের সঙ্গেই ছিল। কী ধরনের লোক শান্তি কমিটিতে ছিলেন? একাত্তরের ১৭ এপ্রিল দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিবেদনে দেখা যায়, পূর্ব পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খানের সঙ্গে সভা করে পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযম একাত্মতা প্রকাশ করছেন ও সশস্ত্র বাহিনীকে সাহায্যের আশ্বাস দিচ্ছেন। ধারণা করা যায়, জামায়াতের আমির দলগতভাবে পাকিস্তানি সেনাদের সঙ্গে একাত্মতা জানাচ্ছেন।পর্যবেক্ষণে বলা হয়, ঐতিহাসিকভাবে দেখা যায়, জামায়াতের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর মিত্রতা ছিল। কিন্তু কেন তারা এটা বেছে নিল? সাইয়েদ ভালি রেজা নাসের তাঁর ভ্যানগার্ড ইসলামিক রেভল্যুশন: দ্য জামায়াতে ইসলামী অব পাকিস্তান গ্রন্থে লিখেছেন, পাকিস্তানের অখণ্ডতার চেতনায় পরিচালিত হয়ে ও আওয়ামী লীগের চ্যালেঞ্জ প্রতিরোধ করতে না পেরে জামায়াত তার মধ্যবর্তী অবস্থান পরিত্যাগ করে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অশুভ আঁতাত গড়ে তোলে। এই আঁতাত ঢাকায় বাঙালি জাতীয়তাবাদ ধ্বংসের জন্য কাজ করেছে।নিউইয়র্ক টাইমস-এর নয়াদিল্লি প্রতিনিধি সিডনি শনবার্গ একাত্তরের ১৪ জুলাই লেখেন, পূর্ব পাকিস্তানজুড়ে পাকিস্তানি সেনারা নতুন আধা সামরিক বাহিনী বা ‘অনুগত’ বেসামরিক ব্যক্তিদের ‘দেশ রক্ষা’র প্রশিক্ষণ দিচ্ছে। ‘অনুগত’দের মধ্যে রয়েছে শান্তি কমিটির সদস্য, বিহারি ও অন্য অবাঙালি, উর্দুভাষী মুসলিম, বাঙালি মুসলিম, যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানি সেনাদের সমর্থন করছেন।