পাকিস্তানি সেনাদের সহায়তার নির্দেশ দেন আলীম
একাত্তরে মুক্তিযুদ্ধ শুরুর পর বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীম এক বক্তব্যে পাকিস্তানি সেনাদের সহায়তা করতে উপস্থিত লোকজনকে নির্দেশ দেন।আজ বুধবার আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী আবদুস সোবাহান সরদার জবানবন্দিতে এ কথা বলেন। রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী এ কে এম মাহবুবর রহমানকে আসামিপক্ষের জেরা শেষে তিনি জবানবন্দি দেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২-এ সোবাহানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান এবং রানা দাশগুপ্ত। অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে আবদুস সোবাহান বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরের আমট্র গ্রামে। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরুর পরে তাঁদের এলাকার অনেকে ভারতে চলে যান। মে মাসের প্রথম সপ্তাহে কিছু লোক ভারতে যাওয়ার পথে পাকিস্তানি সেনা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ভারতগামী লোকেরা ভাদসা ইউনিয়নের রাজাকার সৈয়দ আলীর বাড়িতে আশ্রয় নেন। ওই রাতে সৈয়দ আলী আশ্রয় নেওয়া লোকজনের কথা পাকিস্তানি সেনাদের জানালে সেনারা ওই বাড়ি থেকে সমির উদ্দিন মণ্ডল, আবদুর রহমান মেম্বার ও আবুল হোসেন মাঝিকে ধরে নিয়ে যায়।এ সময় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সাক্ষীর কাছে জানতে চান, যে ঘটনাটি বলছেন তা কি আপনি নিজে দেখেছেন? জবাবে সাক্ষী বলেন, তিনি দেখেননি, শুনেছেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, পাকিস্তানি সেনারা যাঁদের ধরে নিয়ে যায়, তাঁরা বাদে অন্যদের সৈয়দ আলী আক্কেলপুর শান্তি কমিটির কার্যালয়ে পৌঁছে দেন। আটক ব্যক্তিদের সেখান থেকে নিয়ে আক্কেলপুর রেলস্টেশনের বিশ্রামকক্ষে আটক রাখা হয়। এ সময় রাজাকারেরা বন্দুক নিয়ে তাঁদের পাহারায় রাখে। ওই সময় রাজাকারেরা আটক লোকজনকে বলত, আলীমের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হবে। আটকের তিন দিন পরে রাজাকারেরা একটি ট্রেনে আটক লোকজনকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেয়।ওই দিন আবদুস সোবাহান জানতে পারেন, বাকজানা স্টেশনের কাছে একটি পুকুর পাড়ে আটক লোকজনকে গুলি করে হত্যা করা হয়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোফাজ্জল নামের একজন বেঁচে যান।জবানবন্দিতে আবদুস সোবাহান আরও বলেন, একাত্তরের মে মাসের মাঝামাঝি আক্কেলপুরের সোলেমান কবিরাজের মিল ঘরে আলীম একটি সভা করে বক্তৃতায় পাকিস্তানি সেনাদের সহায়তার নির্দেশ দিয়ে বলেন, ‘এটা পাকিস্তান, এখানে ভারতের দালালি চলবে না। মুক্তিবাহিনীদের ধরিয়ে দেন। আপনারা পাকিস্তানি সেনাদের সহায়তা করুন।’ জবানবন্দি শেষে আবদুস সোবাহানকে জেরার জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।মাহবুবর রহমানকে জেরা শেষএকই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী এ কে এম মাহবুবর রহমানকে আজ জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। তাঁকে জেরা শেষ হলে ১৭তম সাক্ষী আবদুস সোবাহান জবানবন্দি দেন।