স্বাধীনতার ৪০ বছরতোমাদের এ ঋণ শোধহবে না৬১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।
পাকিস্তানিরা তাঁর বাবাকে হত্যা করে
১৯৭১ সালের ১৬ আগস্ট ভোরে চাঁদপুর নৌবন্দরে অপারেশন শেষে শাহজাহান কবীরসহ অন্য নৌকমান্ডোরা বেশ বিপদেই পড়লেন। তাঁদের ফেরার পথে বিশাল জাহাজ ‘গাজী’ নদীর পাড় ঘেঁষে প্রেতচ্ছায়ার মতো ভেসে আছে। সেটা দেখে তাঁরা কিছুটা কিংকর্তব্যবিমূঢ়। এর সামনে দিয়ে যাওয়ার চেষ্টা মানে সাক্ষাৎ যমের সামনে পড়া। আর ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকল তাঁদের লাগানো মাইনগুলো। দ্রুত ওখান থেকে পালাতে হবে। কিন্তু বিশৃঙ্খল এক অবস্থা তাঁদের মধ্যে।এ সময়ই গাজী চলতে শুরু করল। বিস্ফোরণের শব্দ পেয়ে গাজীর নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা। এ সুযোগটা শাহজাহান কবীর ও অন্যরা কাজে লাগালেন। তাঁরা সাঁতার শুরু করলেন। তারপর দেড়-দুই কিলোমিটার দূরে নদীর পাড়সংলগ্ন এক পাটখেতে আশ্রয় নিলেন। তাঁদের সবার শরীর প্রায় অনাবৃত। শুধু একটা আন্ডারওয়্যার পরা। আত্মরক্ষার জন্য কারও কাছে কোনো অস্ত্র নেই। হাতে শুধু ফিনস।তখন প্রায় সকাল। তাঁরা কয়েক দলে বিভক্ত হয়ে পাটখেত থেকে রওনা দিলেন যেখানে তাঁদের শেল্টার নেওয়ার কথা সেখানে। শাহজাহান কবীরসহ ছয়জন নৌকমান্ডো এক দলে। দলনেতা বদিউল আলম কয়েকজনকে নিয়ে আরেকটি দলে। বাকিরা আরেকটি দলে।শাহজাহান কবীর তাঁর সঙ্গে থাকা নৌকমান্ডোদের নিয়ে একটি জেলে নৌকায় করে সন্ধ্যায় শেল্টারে পৌঁছালেন। অপারেশন শেষে সবার একত্রিত হওয়ার কথা দিল শাহজাহান কবীরদের বাড়িতেই। তাঁর বাড়ি ছিল ওই এলাকায়ই। তাঁরা ছয়জন ভালোভাবে সেখানে পৌঁছালেও অন্যদের আর কোনো খোঁজ নেই। তিনি তাঁদের জন্য অপেক্ষায় আছেন।এদিকে ১৭ আগস্ট সকালে হলো আরেক বিপদ। পাকিস্তানি সেনারা শাহজাহান কবীরদের বাড়ি ঘেরাও করে তাঁকে এবং তাঁর বাবাকে আটক করল। তাঁর সঙ্গে আসা পাঁচ সহযোদ্ধা পাশে আরেকটি বাড়িতে লুকিয়ে ছিলেন। পাকিস্তানি সেনারা নৌকমান্ডোদের সম্পর্কে তথ্য জানার জন্য তাঁকে এবং তাঁর বাবাকে ব্যাপক নির্যাতন চালাল। কিন্তু তাঁরা কোনো কিছু স্বীকার করলেন না।এরপর পাকিস্তানি সেনারা তাঁদের নিয়ে রওনা হলো ঘাঁটির দিকে। এ সময় শাহজাহান কবীরের বাবা পাকিস্তানি সেনাদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে তাঁর হাত ও পায়ের বাঁধন খুলে দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে শাহজাহান কবীর ঝাঁপিয়ে পড়েন নদীতে। ডুব-সাঁতার দিয়ে তিনি চলে যান পাকিস্তানিদের নাগালের অনেক দূরে। তারপর তিনি অনেক কষ্টে ভারতে যান। আর তাঁর বাবাকে পাকিস্তানিরা হত্যা করে।শাহজাহান কবীর নৌকমান্ডো ছিলেন। চাঁদপুর নৌবন্দর ছাড়াও আরও কয়েকটি অপারেশনে তিনি অংশ নিয়েছেন। উল্লেখযোগ্য অপারেশন চাঁদপুরের এখলাসপুর ও মোহনপুরে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শাহজাহান কবীর বীর প্রতীক খেতাব পেয়েছেন।শাহজাহান কবীরের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মাদারটেকে বসবাস করছেন। তাঁর বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম। মা আছিয়া বেগম। স্ত্রী বেরজিছ বেগম। তাঁর তিন ছেলে এক মেয়ে।শাহজাহান কবীর বললেন, ‘যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তা আজও অর্জিত হয়নি। আমরা চেয়েছিলাম শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ। যেখানে মানুষকে না খেয়ে, বিনা চিকিৎসায় মরতে হয় না। সবার সমান অধিকার আমরা চেয়েছিলাম।’সূত্র: শাহজাহান কবীর বীর প্রতীকের সাক্ষাৎকার এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টর ১০।গ্রন্থনা: তারা রহমান[email protected]