পাকিস্তানে অপহরণকারীদের জিম্মায় ৫৩ বাংলাদেশি: গোয়েন্দা পুলিশ
পাকিস্তানের অপহরণকারী একটি চক্রের কাছে আটক আছে ৫৩ বাংলাদেশি। আজ রোববার রাজধানীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করা হয়। সম্প্রতি ডিবি পুলিশ এ অপহরণকারী চক্রের হাত থেকে বাংলাদেশি যুবক আমিনুল ইসলামকে উদ্ধার করে এবং ওই চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বাংলাদেশ থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। গত ৯ থেকে ২০ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির সহকারী পুলিশ কমিশনার মারুফাত হোসেইন। ওই অভিযানের বিভিন্ন বিষয় প্রকাশ করতেই আজকের ব্রিফিংটির আয়োজন করা হয়। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, আমিনুল ইসলাম ২০০৭ সালে দুবাই যান। ২০০৯ সালে তিনি এক চাঁদাবাজ চক্রের খপ্পরে পড়ে আরও ছয়জনসহ ইরান সীমান্ত থেকে অপহূত হন। এই সাতজনকে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন তুরস্কের রব ও সবুজ এবং পাকিস্তানের কবির। অপহরণের পর তাঁদের পাকিস্তানে আটকে রাখা হয়। আর মুক্তিপণের টাকা না দিলে আমিনুলকে মেরে ফেলা হবে বলে তাঁর পরিবারকে হুমকি দেয় অপহরণকারীরা। ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, আমিনুলের স্ত্রী নীলুফার নাহার এস এ পরিবহনের মাধ্যমে ওসমান হায়দার নামের এক বাংলাদেশির কাছে ৮৯ হাজার টাকা পাঠায়। সেই টাকা জমা হয় কামাল নামের একজনের ব্যাংক হিসাবে। কামালের ব্যাংক হিসাব থেকে ওই অর্থ মরিয়ম ও ইউনুস নামের দুজনকে দেওয়া হয়েছে বলে আমিনুলের স্ত্রী দাবি করেন। কিন্তু ডিবি পুলিশ তদন্তে জানতে পারে, আমিনুলকে মুক্ত করতে বিভিন্ন সময়ে তাঁর পরিবার প্রতারক চক্রটিকে মোট তিন লাখ ৭৯ হাজার ৫০০ টাকা দেয়। ডিবি পুলিশ পরে কৌশলে আমিনুলকে দেশে ফিরিয়ে আনে।