পাকিস্তানে অর্থসহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে চলমান টানাপোড়েন সত্ত্বেও দেশটির জন্য যুক্তরাষ্ট্রের বেসামরিক সাহায্য অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আজ শনিবার সিএনএন জানায়, দুই দেশের মধ্যে একটি শক্তিশালী, পারস্পরিক সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।পাকিস্তানের মাটিতে মার্কিন বাহিনীর হামলায় ওসামা বিন লাদেনের মৃত্যু ছাড়াও গত বছরের ২৬ নভেম্বর আফগান সীমান্তে মার্কিন ড্রোন (চালকবিহীন গোয়েন্দা বিমান) হামলায় ২৪ পাকিস্তানি সেনাসদস্য নিহত হওয়ার পর থেকে দেশ দুটির সম্পর্কে অবনতি ঘটে। এর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে পাকিস্তান। এ বিষয়ে দেশটির পার্লামেন্টের একটি কমিটি কাজও করছে।এত টানাপোড়েন সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানে বেসামরিক সাহায্য অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘দেশ দুটির সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বেসামরিক সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই সাহায্য পাকিস্তানকে আরও সমৃদ্ধশীল, স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বেড়ে উঠতে সহায়তা করবে, যা দুটি দেশেরই জাতীয় স্বার্থে কাজে লাগবে।’পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্র বড় সাহায্যদাতা। ২০০৯ সালের অক্টোবর থেকে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বেসামরিক খাতে দুই বিলিয়নেরও বেশি মার্কিন ডলার অর্থ সাহায্য দিয়েছে।যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ব্যাপক অর্থসহায়তা সত্ত্বেও গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, পাকিস্তানের ৬৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রুর চেয়েও ক্ষতিকর মনে করে। অন্যদিকে মাত্র ৬ শতাংশ পাকিস্তানি যুক্তরাষ্ট্রকে বন্ধু মনে করে।নুল্যান্ড আরও জানান, জ্বালানি, অর্থনৈতিক উন্নয়ন, সীমান্তবর্তী অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য—মূলত এই পাঁচটি খাতে পাকিস্তানকে বেসামরিক সাহায্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।