পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০০, আহত ১১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে মোটরসাইকেল আরোহী একজন আত্মঘাতী বোমা হামলাকারী গতকাল শুক্রবার আফগান সীমান্তের পশতুন অঞ্চলে নারী, শিশুসহ অন্তত ১০০ জনকে হত্যা করে। এ হামলায় প্রায় ১১২ ব্যক্তি আহত হয়।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মোহমান্দ অঞ্চলে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার দপ্তর ঘিরে জমায়েত হওয়া শত শত লোকের ভিড়ের মধ্যে ওই আত্মঘাতী বোমা হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানদের বিরুদ্ধে অভিযান অনেক জোরদার করেছে।আপাতদৃষ্টিতে হামলাকারীর লক্ষ্যবস্তু ছিলেন সেসব উপজাতীয় সর্দার; যাঁরা মোহমান্দের সহকারী রাজনৈতিক এজেন্ট রাসুল খানের দপ্তরে একটি বৈঠকে যোগ দিতে এসেছিলেন।রাসুল খান রয়টার্সকে জানান, এখন পর্যন্ত নিহতের সংখ্যা হচ্ছে ১০০। আহত হয়েছে প্রায় ১১২ জন।আহতদের মধ্যে বেশ কয়েকজন হচ্ছেন উদ্বাস্তু। তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াইয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। হামলার সময় তারা আক্রমণস্থলের কাছেই ত্রাণসামগ্রী গ্রহণ করছিল। স্থানীয় বাসিন্দারা জানায়, নিহতদের মধ্যে পাঁচ থেকে ১০ বছর বয়সী পাঁচজন শিশু এবং বেশ কয়েকজন নারীও রয়েছে।