পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে লাকি মারওয়াত শহরের একটি পুলিশ স্টেশনে আজ সোমবার একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় চারজন স্কুলছাত্র, ১১ জন পুলিশসহ ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। এ সপ্তাহে তৃতীয়বারের মতো এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটল।স্থানীয় পুলিশ কর্তকর্তা আবদুল রহিম টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলার বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মিছিলে বোমা হামলায় প্রায় ১০০ জন নিহত হয়।এ হামলার সঙ্গে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরপরই এ ঘটনাগুলো ঘটল।যুক্তরাষ্ট্র তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বা তালেবান মুভমেন্ট অব পাকিস্তানকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থা’ হিসেবে ঘোষণা দেওয়ার দুই দিন পরই গত শুক্রবার তালেবান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে খুব শিগগিরই হামলা চালানো হবে বলে হুমকি দেয়।