পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। প্রদেশের হানগু জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে দোয়াবা শহরে আজ বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা আবদুল রাশিদ বার্তা সংস্থাকে জানিয়েছেন, হামলাকারী বিস্ফোরক বোঝায় একটি গাড়িতে করে এসে পুলিশ স্টেশনে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তিনি সেখানে বিস্ফোরণ ঘটান। আবদুল রশিদ আরও জানান, বিস্ফোরণে পুলিশ স্টেশনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আশপাশের অন্তত ১০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।