পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৩১ সেনা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশে একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ শিক্ষানবিশ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। প্রদেশটির মারদান শহরে আজ বৃহস্পতিবার ওই হামলার ঘটনাটি ঘটে। সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান। মারদানের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ খান বৃহস্পতিবার সকালে বলেন, সামরিক এলাকার মধ্যে ওই আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। একজন সামরিক কর্মকর্তা বলেন, ঘটনার সময় সেনারা সকাল বেলার প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন। নিরাপত্তা কর্মকর্তারা জানান, স্কুল পোশাক পরিহিত এক কিশোর ওই হামলা চালায়। সেনা নিয়োগ কেন্দ্রটির পাশেই একটি স্কুল রয়েছে। সম্ভবত নিরাপত্তার বাধা পেরিয়ে যেতে ওই কিশোর স্কুল পোশাক পরিধান করে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলারি হামলার নিন্দা জানিয়েছেন। রয়টার্স, আল-জাজিরা।