পাকিস্তানে আদালত ভবনে হামলা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ারে আদালত ভবনে আজ সোমবার সন্দেহভাজন আত্মঘাতীর হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। বিবিসি অনলাইনের খবরে আজ এ কথা জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হোসেইন জানান, হামলাকারীদের কেউ এখনো ওই ভবনে রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আদালতসংলগ্ন কারাগারে প্রবেশ করার চেষ্টাকালে হামলাকারীরা এ হামলা চালায়।পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, দুজন হামলাকারী আদালত ভবনে প্রবেশের চেষ্টা করে। তখন নিরাপত্তাকর্মীরা তাদের থামতে বলেন। তারা সেই নির্দেশ অমান্য করে হামলা চালায়। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে এক হামলাকারী নিহত হয়। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা গিয়ে ওই হামলাকারীর শরীরে বাঁধা বিস্ফোরক নিষ্ক্রিয় করেন। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের তিনজন নারী ও পুরুষ সদস্য রয়েছেন বলেও তাদের খবরে বলা হয়েছে।গণমাধ্যমের খবরে বলা হয়, ওই এলাকায় বর্তমানে কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে।পাকিস্তানের ইতিহাসে কোনো সরকার প্রথমবারের মতো মেয়াদ পূর্ণ করার এক দিন পর এমন হামলার ঘটনা ঘটল। আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে এ হামলা চালানো হয়েছে বলে তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হোসেইন মন্তব্য করেন।সাম্প্রতিক সময়ে পেশোয়ারে ঘন ঘন জঙ্গি হামলার ঘটনা ঘটছে। ২০০৯ সালে পেশোয়ারের খাইবার সড়কের একটি ভবনে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হন।