পাকিস্তানে আদিবাসী এলাকায় লুকিয়ে আছেন জাওয়াহিরি: প্যানেট্টা
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা মনে করেন, আল-কায়েদার নতুন কমান্ডার আইমান আল জাওয়াহিরি পাকিস্তানে আদিবাসী এলাকায় লুকিয়ে আছেন। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে আল-কায়েদার ইয়েমেনি শাখা থেকে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হামলা চালানোর হুমকি রয়েছে, পাকিস্তান থেকে নয়। গত শনিবার কাবুলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগের আগে প্যানেট্টা সাংবাদিকদের জানান, সিআইএ পরিচালক হিসেবে সর্বশেষ বৈঠকে তিনি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইর প্রধানকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের একটি লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের সহায়তা চেয়েছিলাম। তবে পাকিস্তান জাওয়াহিরি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কের ‘গ্রহণযোগ্য গোয়েন্দা তথ্য’ ভাগাভাগি করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। সামরিক বাহিনী বলেছিল, ‘আমরা আশা করি, মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান জাওয়াহিরি সম্পর্কিত তথ্য ভাগাভাগি করবে।’সিআইএর সাবেক প্রধান প্যানেট্টা ১ জুলাই সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের স্থলাভিষিক্ত হন। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর আফগানিস্তানে এটাই তাঁর প্রথম সফর। ওমান ট্রিবিউন ওয়েবসাইট।