পাকিস্তানে আবার আলোচনায় সেনাবাহিনী, চাপে সরকার
পাকিস্তানে আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন সরকারের যেসব মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাঁদের সরিয়ে দেওয়ার জন্য চাপ দিয়েছে সে দেশের সেনাবাহিনী। সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনা ও বৈদেশিক সাহায্যের অনিশ্চিত প্রতিশ্রুতির ওপর নির্ভরশীলতা রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে গভীর ও প্রকাশ্য টানাপোড়েন সৃষ্টি করেছে। পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ এই পরিস্থিতিতে সে দেশে নতুন করে সামরিক অভ্যুত্থানের হুমকি দেখা দিয়েছে বলে বর্ণনা করেছেন।এদিকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে জারদারির সরকারকে চাপে রেখেছেন দেশটির সুপ্রিম কোর্টও। আদালত বলেছেন, বিচারের হাত থেকে প্রেসিডেন্টের অব্যাহতি পাওয়ার যে সুবিধা (ইনডেমনিটি) রয়েছে, তা তুলে নেওয়া হবে, যদি তাঁর সরকার জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডে মুদ্রা পাচারের পুরোনো মামলার বিচার-প্রক্রিয়া আবার শুরু করার উদ্যোগ না নেয়।জারদারি ও তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক বাহিনীর ক্ষোভ প্রকাশের বিষয়টি সামনে চলে আসে গত সোমবারের একটি বৈঠকের পর। প্রেসিডেন্ট জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের খবর পাকিস্তানের পত্রপত্রিকার প্রথম পাতায় স্থান করে নেয়। বৈঠকে সেনাপ্রধান সরকারের অদক্ষতা ও দুর্নীতি নিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে দোষারোপ করেন বলে খবর প্রকাশিত হয়।কাকতালীয়ভাবে সুপ্রিম কোর্ট ওই দিনই মুদ্রা পাচারের ঘটনার তদন্ত শুরু করার অনুরোধ জানিয়ে সুইজারল্যান্ডের সরকারকে চিঠি লিখতে পাকিস্তান সরকারকে যে নির্দেশ দিয়েছিলেন, তা পালনের বিষয়ে অবস্থান জানাতে সরকারকে দুই সপ্তাহ সময় দেন। জারদারি এর আগে এই মুদ্রা পাচার মামলায় বিনা বিচারে ১১ বছর কারাভোগ করেন।সামরিক কর্মকর্তা ও রাজনীতিকেরা বলছেন, পাকিস্তান সামরিক বাহিনী এখন জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত। এ মুহূর্তে দেশের ক্ষমতা দখল করে অর্থনৈতিক সংকটের দায়ভার নিতে তাঁরা আগ্রহী নন। কিন্তু সাম্প্রতিক বন্যা মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনা দেখে সেনাবাহিনী দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংকিত হয়ে পড়ছে।মার্কিন কর্মকর্তারাও বলছেন, প্রেসিডেন্ট জারদারির প্রতি দিন দিন তাঁদের মোহভঙ্গ হচ্ছে। স্ত্রী বেনজির ভুট্টোর হত্যার ঘটনায় জনগণের সহানুভূতিকে পুঁজি করে আড়াই বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হন জারদারি। কিন্তু তাঁর সরকার এখন বেশ অজনপ্রিয় হয়ে পড়েছে। ৮০ বছরের মধ্যে হওয়া ভয়াবহ এই বন্যার সময়ও তিনি ফ্রান্সে অবকাশ-ভ্রমণ করেছেন।পাকিস্তানের নির্বাচিত সরকার অনেক দিন ধরেই সামরিক বাহিনীর চাপ ঠেকিয়ে আসছিল। কিন্তু দেশটির সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সোমবারের বৈঠককে রাজনীতিকদের প্রতি সামরিক বাহিনীর তিরস্কার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তবে বৈঠকের পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা তিনজনের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় এবং সংবিধান অনুযায়ী সব সমস্যা সমাধানে একমত হয়েছেন তাঁরা।জারদারির ঘনিষ্ঠভাজন ও বৈঠকে উপস্থিত এক পাকিস্তানি কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থায়ই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না।’ বন্যার পর থেকে জারদারির সরকার তাদের অদক্ষতা লুকানোর অজুহাত হিসেবে বলছে, যেকোনো সরকারই এ ধরনের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যাবে। তবে এর পরও জারদারির ওপর চাপ অব্যাহত রেখেছেন জেনারেল কায়ানি। জানা গেছে, ৬০ সদস্যের বর্তমান মন্ত্রিসভা থেকে কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন সেনাপ্রধান, যাঁদের বেশির ভাগের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। গত জুলাই মাসে অপ্রত্যাশিতভাবে কায়ানির সেনাপ্রধানের দায়িত্বে থাকার মেয়াদ তিন বছর বাড়ান জারদারি।স্থানীয় সাংবাদিক ও রাজনীতিকেরা জানান, দেশের বড় শহরগুলোতে সামরিক বাহিনীর কর্মকর্তারা সরকারের অযোগ্যতা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করছেন। বলা হচ্ছে, দেশের অর্থনীতিকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করতেও উদ্যোগী পাকিস্তানের সেনাপ্রধান। ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রিফাত হুসাইন বলেন, সরকারের সার্বিক অর্থনৈতিক অব্যবস্থাপনাই এ সমস্যার মূল কারণ এবং এ নিয়ে জারদারি ও গিলানির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরুদ্ধে জনগণের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক মার্কিন বিশেষ দূত রিচার্ড সি হলব্রুক তাঁর সাম্প্রতিক পাকিস্তান সফরের সময় বলেছেন, ‘পাকিস্তানের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে যে অর্থ দরকার তা বিদেশিরা দেবে, এমনটি আশা করা ঠিক নয়।’ তাঁর এ বক্তব্য মূলত সরকার ও তার অব্যবস্থাপনার প্রতি এক ধরনের হুঁশিয়ারি ছিল।তবে পাকিস্তানের সামরিক বাহিনীর মতো ভাবছে না মার্কিন প্রশাসন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র জারদারির সরকারকে উৎখাতের পক্ষপাতী নয়। কারণ, সামরিক শাসন আবার ফিরে এলেও তেমন কোনো পরিবর্তন হবে না। তা ছাড়া তারা এ মুহূর্তে বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফকেও ক্ষমতায় দেখতে চাইছে না।এদিকে গত বুধবার রাতে লন্ডনে একটি অনুষ্ঠানে পারভেজ মোশাররফের কাছে সোমবারের বৈঠকের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বৈঠকের ছবি আপনিও দেখেছেন। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, তাঁরা আবহাওয়া নিয়ে আলোচনা করেননি। তাঁদের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয়েছে এবং এই মুহূর্তে সব চাপ ওই সেনাপ্রধানের ওপরই।’২০০৭ সালে নিজের উত্তরসূরি হিসেবে কায়ানিকে সেনাপ্রধান নিয়োগ দিয়েছিলেন মোশাররফ। মোশাররফ বলেন, সেনাপ্রধান হিসেবে নিজের দায়িত্বের প্রথম বছরে তাঁকেও একই ধরনের চাপের মোকাবিলা করতে হয়েছিল। এই চাপের কারণেই তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হটিয়ে ক্ষমতা দখল করতে বাধ্য হন।মোশাররফ বলেন, ‘ওই এক বছরে বিভিন্ন দিক দিয়ে পাকিস্তানের পতন হচ্ছিল এবং রাজনীতিক থেকে শুরু করে সাধারণ অনেক মানুষও আমাকে বলত, কেন আমি কোনো পদক্ষেপ নিচ্ছি না। তারা আমাকে বলত, পাকিস্তানের মঙ্গলের স্বার্থে আপনি কি কোনো ব্যবস্থা নেবেন না?’এ সমস্যা থেকে উত্তরণের জন্য দেশ শাসনের ক্ষেত্রে সেনাবাহিনীকে কিছু সাংবিধানিক দায়িত্ব দেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন সাবেক এই সেনাপ্রধান। তিনি বলেন, ‘পাকিস্তানের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থায় ভারসাম্য রক্ষা করতে সেনাবাহিনীকে কিছু দায়িত্ব দিতেই হবে।’মোশাররফ অভিযোগ করেন, পাকিস্তানের ভগ্ন অর্থনীতি, জঙ্গি হুমকি ও সাম্প্রতিক ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট জারদারি। একই সঙ্গে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় মার্কিন মনুষ্যবিহীন বিমান হামলা বেড়ে যাওয়ারও নিন্দা জানান সাবেক এই প্রেসিডেন্ট।মোশাররফ বলেন, ‘বিষয়গুলো নিয়ে পাকিস্তানের মানুষ ক্ষুব্ধ। যেকোনো পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার মতো প্রয়োজনীয় শক্তি আমাদের আছে। ব্যবস্থা যদি নিতেই হয়, তাহলে পশ্চিমাদের উচিত পাকিস্তানের সেনাবাহিনী বা বিমানবাহিনীকে সুসজ্জিত করা।’১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তানে এ পর্যন্ত বারবার সেনা অভ্যুত্থান ঘটেছে। দেশের ইতিহাসের প্রায় অর্ধেক সময় সেখানে সেনাশাসন বলবৎ ছিল। রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন জেনারেল মোশাররফ। প্রায় ১০ বছর ক্ষমতা আঁকড়ে রেখে ২০০৭ সালে তিনি সরে দাঁড়ান। এরপর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন জারদারি। এএফপি, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন।