পাকিস্তানে আর রক্ত ঝরলে সমর্থন বন্ধ: হিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইসলামাবাদের সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। পাকিস্তানের একটি তল্লাশি চৌকিতে ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় দেশটির সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির সামনে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের গণমাধ্যমে হিনা রাব্বানি খারের এ মন্তব্য আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।ওয়াশিংটনের উদ্দেশে হিনা বলেছেন, আরেকবার যদি পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়, তবে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধ থেকে তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নেবে।যুক্তরাষ্ট্রকে হিনা রাব্বানি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর কোনো সামরিক বা বেসামরিক ব্যক্তির রক্তপাতের ঘটনা সরকার সহ্য করবে না।’হিনা উল্লেখ করেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ভূমিকা অবশ্যই অবহেলা করা উচিত নয়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ঘটনার পুনরাবৃত্তি হলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনার পর দেশ দুটির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। ওই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ১৫ দিনের মধ্যে শামসি বিমানঘাঁটি ছেড়ে যেতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয়। এ ছাড়া আফগানিস্তানের ভবিষ্যত্ নিয়ে আগামী সপ্তাহে জার্মানির বনে অনুষ্ঠেয় আলোচনায় যোগ না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান।পাকিস্তানের এ সিদ্ধান্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুঃখ প্রকাশ করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।