পাকিস্তানে আরও ৪ সেনা কর্মকর্তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গি সম্পৃক্তিতার অভিযোগে দেশে আরও চারজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। গতকাল বুধবার সেনা মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। আতহার আব্বাস বলেছেন, ‘নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চার মেজরের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে এ সন্দেহভাজন সেনা কর্মকর্তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি।’ সেনা মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি। গত মঙ্গলবার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেছিলেন, ব্রিগেডিয়ার আলী খানকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত মাসে আটক করা হয়।গত এক দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত উচ্চপদমর্যাদার একজন কর্মকর্তা গ্রেপ্তার হলেন। অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিল লাদেন নিহত হওয়ার সাত সপ্তাহ পর পাকিস্তান এ গ্রেপ্তারের কথা জানাল। হিযবুত তাহরীরের সঙ্গে ব্রিগেডিয়ার আলীর যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনীতে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল সন্দেহভাজন কর্মকর্তাদের খুঁজে বের করা নিয়ে ইসলামাবাদের ওপর মার্কিন চাপ বাড়তে থাকে। এ প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।