পাকিস্তানে ইউটিউব বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে কটাক্ষ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দুজন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে ইউটিউব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ তথ্য মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। আজ মঙ্গলবার পিটিআইয়ে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।অভিযোগ ওঠা ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের দৃশ্যসহ ধর্মীয় অবমাননাকর কোনো ভিডিও চিত্র যাতে ইউটিউব প্রচার করার সুযোগ না পায়, এ জন্য এই নির্দেশ জানানো হয়।পিটিআই জানায়, এর জের ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের দির জেলায় গতকাল বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সহিংসতায় একজন নিহত ও দুজন আহত হন। প্রায় হাজার খানেক বিক্ষুব্ধ জনতা প্রেসক্লাব ও থানায় আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে সহিংসতায় গুরুতর আহত একজন গতকাল হাসপাতালে মারা যায় বলে দেশটির কর্মকর্তারা জানান।এসব সহিংস ঘটনার পর সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আশরাফ তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়কে ইউটিউব বন্ধের নির্দেশ দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটিসহ ধর্মবিরোধী উপাদান সরিয়ে নিতে পাকিস্তানের তরফ থেকে ইউটিউব কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়। তবে ইউটিউব কর্তৃপক্ষ এগুলো সরাতে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতে সরকার ইউটিউব বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ধর্মবিরোধী কোনো বিষয় সহ্য করা হবে না। এসব সরিয়ে না নেওয়া পর্যন্ত দেশটিতে ইউটিউবের সেবা বন্ধ থাকবে।এর আগে পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বিতর্কিত ওই চলচ্চিত্রটির দৃশ্য ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটে প্রচার তাত্ক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।