পাকিস্তানে ইউটিউবসহ ২০ হাজার ওয়েবসাইট বন্ধ
ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ও বেশ কিছু ‘আপত্তিকর’ ভিডিও প্রচার করায় ইউটিউবসহ ২০ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। একজন কর্মকর্তা আজ সোমবার এ কথা জানিয়েছেন।পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (পিটিএ) ওই কর্মকর্তা বলেন, ‘বিতর্কিত চলচ্চিত্রটির ভিডিও ইন্টারনেটে সয়লাব হয়ে যাওয়ায় আমরা ২০ হাজার ওয়েবসাইট ও ব্লগ বন্ধ করে দিয়েছি।’ তিনি বলেন, ‘সাইট বন্ধ করার ক্ষেত্রে আমরা আদালতের নির্দেশ যথাযথভাবে মেনে চলেছি।’ওই কর্মকর্তা আরও বলেন, ইসলামবিরোধী চলচ্চিত্রটির প্রচার বন্ধ করতে ব্যর্থ হওয়ায় লাহোরের একটি আদালত পিটিএর চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইসলামবিরোধী চলচ্চিত্র প্রচারকারী সাইটগুলো ছাড়াও অনেক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে পিটিএ।ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা খুব দ্রুতই প্রত্যাহার করা হচ্ছে না উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, যত দিন পর্যন্ত অবমাননাকারী চলচ্চিত্রটি সরছে না, তত দিন ইউটিউব বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইন্টারনেটে প্রচারিত হওয়ার পর থেকেই বিক্ষোভ চলছে পাকিস্তানে। এ বিক্ষোভে এ পর্যন্ত সেখানে ২৩ জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মূল্যবান বহু সম্পত্তি। ইন্টারনেটে সয়লাব হয়ে যাওয়া ভিডিওটি বিক্ষোভ উসকে দিতে পারে আশঙ্কায় অনেক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এনডিটিভি।