পাকিস্তানে এপ্রিলে নির্বাচনের সম্ভাবনা
পাকিস্তানে আগামী বছরের জানুয়ারিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হতে পারে। এর পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলে আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়।পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে যে আগামী বছরের শুরুর দিকে সাধারণ নির্বাচনের জন্য সরকার প্রাথমিক পরিকল্পনা নিয়েছে। দেশটির জাতীয় পরিষদ বা পার্লামেন্টের নিম্নকক্ষ আগামী বছরের ১৬ বা ১৭ জানুয়ারি ভেঙে দেওয়া হতে পারে বলে ‘দ্য নিউজ ডেইলি’র খবরে জানানো হয়।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী রাজা পারভেজ জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও ক্ষমতাসীন জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদি জানুয়ারিতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে সংবিধানে বলা আছে, বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন করতে হবে। বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে ১৬ মার্চ। সে হিসাবে ২৬ এপ্রিলের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন হতে পারে।কয়েকটি সূত্র বলছে, ২০১৩ সালের নির্বাচনে গতবারের মতো বিস্ময়কর কিছু ঘটতে পারে। সেবার পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো করে।