পাকিস্তানে কখনোই সামরিক অভ্যুত্থান হবে না: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল শনিবার দাবি করেছেন, তাঁর দেশে সামরিক অভ্যুত্থানের কোনো সুযোগ নেই। কারণ দেশটির সেনাবাহিনী গণতন্ত্র ও স্থিতিশীলতাকে সমর্থন করে। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে ‘দ্য ডন’ জানিয়েছে।গিলানি বলেন, ‘পাকিস্তানে আর কখনো অভ্যুত্থান হবে বলে আমি মনে করি না। এখানে গণতন্ত্রের প্রতি কোনো হুমকি নেই।’গিলানি জানান, পাকিস্তানের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী ও জনগণ অভ্যুত্থান চায় না; সবাই গণতন্ত্রের পক্ষে।পাকিস্তানের প্রধানমন্ত্রী সাংবাদিকদের কাছে বলেন, ‘আমাদের সক্রিয় সুশীল সমাজ, মুক্ত গণমাধ্যম ও স্বাধীন বিচার বিভাগ আছে।’পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডের পর আলোচিত ‘গোপন চিঠি’ কেলেঙ্কারির জেরে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা প্রবল হয়ে ওঠে।