পাকিস্তানে কয়লা খনি বিস্ফোরণে নিহত ২৪
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে কয়েক দফা বিস্ফোরণে অন্তত ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে। খনির ভেতরে এখনো ৩০ জন শ্রমিক আটকা পড়েছেন। তবে তাঁদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুবই কম। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।পাকিস্তানের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, খনির ভেতরে অক্সিজেনের ঘাটতি থাকায় আটকা পড়া শ্রমিকদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুবই কম। খনি পরিদর্শক ইফতিখার আহমেদ বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘যত বেশি সম্ভব শ্রমিকদের উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তাদের জীবিত উদ্ধার করার আশা তেমন একটা নেই।’সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত পরিমাণে মিথেন গ্যাস জমে যাওয়ায় দুই সপ্তাহ আগে ওই খনিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। কিন্তু খনি পরিচালনা কোম্পানি বিষয়টি এড়িয়ে কাজ অব্যাহত রাখে। কর্মকর্তারা বলেছেন, বিপজ্জনক সতর্কতা যারা মানেটি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিবিসি ও ডন।