পাকিস্তানে কর ফাঁকিদাতাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে জনপ্রতিনিধিদের কর ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ করতে দেশটির নির্বাচন কমিশন প্রচলিত আইনে সংস্কার আনছে। নতুন আইন কার্যকর হলে কর ফাঁকিদাতারা দেশটির স্থানীয় সরকার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোনো নির্বাচনেই অংশ নিতে পারবেন না। ‘দ্য ডন’-এর খবরে আজ রোববার বলা হয়, পাকিস্তানের ৭০ শতাংশ আইনপ্রণেতা ২০১১-১২ অর্থবছরে কর ফাঁকি দিয়েছেন, এমন তথ্য প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন এ উদ্যোগ নিল।গোপন সূত্রের বরাত দিয়ে ‘দ্য ডন’ জানায়, কর ফাঁকিদাতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য পাকিস্তানের কেন্দ্রীয় কর ন্যায়পাল (এফটিও) নির্বাচনী মনোনয়নপত্রে একটি বিশেষ অংশ সংযোজনের আদেশ দিয়েছেন।নতুন নিয়ম জারি করা বিষয়ে কর ন্যায়পালের দপ্তরের সচিব নির্বাচন কমিশনের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, ভাবী আইনপ্রণেতারা যে কর ফাঁকি দেন না, তা নিশ্চিত করবে মনোনয়নপত্রের এ সংস্কার।নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আমি শপথ করে বলছি যে, আমি আমার সম্পত্তির বিবরণ ও সম্পত্তি অধিগ্রহণবিষয়ক প্রতিবেদন (এখানে সংযুক্ত) দাখিল করার সঙ্গে গত পাঁচ বছরে যে কর বাকি ছিল, তার সব কর রিটার্ন জমা দিয়েছি। মনোনয়নপত্রের ১ম অংশ পূরণের দিনে আমার বিরুদ্ধে কর ফাঁকির কোনো অভিযোগ নেই। আমি আরও ঘোষণা করছি যে, আমি যে কোম্পানির পরিচালক বা যে প্রতিষ্ঠানের ১০ শতাংশ বা ততোধিকের অংশীদার, সেটির কর ফাঁকি দেইনি। আমি আরও ঘোষণা করছি যে, কৃষি রাজস্বসহ যেসব আয়কর প্রদেয় ছিল, তার সব আমি মনোনয়নপত্রের ১ম অংশ পূরণের আগে প্রদান করেছি। এ মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া প্রত্যয়নপত্র আমি এই ফরমের সঙ্গে সংযুক্ত করেছি।’পাকিস্তানের নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, কমিশন বর্তমান পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার কর ফাঁকিদাতা, ঋণ ফাঁকিদাতা, দ্বৈত নাগরিক ও জাল শিক্ষাগত যোগ্যতার সনদধারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। কেন্দ্রীয় রাজস্ব বোর্ড, আয়কর ও রাজস্ব বিভাগ, জাতীয় জবাবদিহি ব্যুরো, উচ্চশিক্ষা কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে তথ্য জোগাড় করা হচ্ছে।ওই কর্মকর্তা আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের মনোনয়নপত্র পূরণের সময় যাঁরা মিথ্যা তথ্য দিয়েছেন বা জাল সনদ দাখিল করেছেন, তাঁরা আসছে নির্বাচনে অংশ নিতে পারবেন না।