পাকিস্তানে কারখানায় আগুন, মৃত্যু ২৩৬
পাকিস্তানের বাণিজ্যিক নগর করাচির একটি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৬। আজ বুধবার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আমির ফারুকির বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ ও রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।করাচির পুলিশপ্রধান ইকবাল মাহমুদ বলেন, উদ্ধারকর্মীরা ওই কারখানার ভেতরের মালামাল উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানায়, গতকাল রাতভর ওই পোশাক কারখানায় আগুন জ্বলে। এতে ২৩৬ জনের মৃত্যু হয় এবং ৩৫ জন আহত হন। কারখানায় ৪৫০ জন কর্মী ছিলেন। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এর আগে গতকাল লাহোর শহরে একটি জুতার কারখানায় আগুন লেগে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমির ফারুকি।পাকিস্তানে এ ধরনের একের পর এক ঘটনায় দেশটির শিল্পক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকেরা বলছেন, সরকার অতিমাত্রায় দুর্নীতিগ্রস্ত। তাই শিল্পক্ষেত্র থেকে শুরু করে আত্মঘাতী হামলার মতো সমস্যাগুলো মোকাবিলায় তারা ব্যর্থ।