পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ আল-কায়েদা নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আল-কায়েদার একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। খবর বিবিসি অনলাইনের।পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, আল-কায়েদার নিহত ওই শীর্ষ নেতার নাম শেখ ফাতেহ। তিনি মিসরের নাগরিক। গত রোববার উত্তর ওয়াজিরিস্তানে তিনি নিহত হন।তবে যুক্তরাষ্ট্র অবশ্য এখনো ওই আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।পাকিস্তানি সরকারি সূত্রে জানা গেছে, শেখ ফাতেহ আল-কায়েদার তৃতীয় শীর্ষ নেতা আবু আল ইয়াজিদ নিহত হওয়ার পর গত মে মাসে পাকিস্তানে জঙ্গি সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেন।পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, শেখ ফাতেহ তাঁর তিন সহযোগীকে নিয়ে ওই এলাকা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।এদিকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা হলে তাতে চার জঙ্গি নিহত হয়।এ নিয়ে সেপ্টেম্বর মাসে জঙ্গিদের লক্ষ্য করে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি এলাকায় প্রায় ২০টির মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ১০০ সাধারণ পাকিস্তানি নিহত হয়েছে। এর ফলে দেশটিতে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব জোরদার হচ্ছে।