পাকিস্তানে খ্রিস্টান বসতি ধ্বংস যজ্ঞে পুলিশ-প্রশাসন জড়িত
পাকিস্তানের বাদামিবাগের যোসেফ কলোনিতে গত সপ্তাহে খ্রিস্টানদের বাড়ি-ঘরে লুটপাট ও আগুন লাগানো পেছনে পুলিশ ও প্রশাসনের পরিষ্কার ইন্ধন আছে বলে মনে করছে দেশটির মানবাধিকার কমিশন। দ্য ডনের খবরে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, গত সপ্তাহের ঘটনা তদন্ত করতে পাকিস্তান মানবাধিকার কমিশন (এইচআরসিপি) যে কমিটি তৈরি করেছিল, সেটির প্রতিবেদনে এ কথা জানানো হয়।এইচআরসিপির কমিটির উদ্দেশ্য ছিল ‘৯ মার্চ শনিবারে প্রকৃতপক্ষে যা ঘটেছিল এবং যে কারণে ওই ঘটনা ঘটেছিল সেগুলো খুঁজে বের করা।’প্রতিবেদনে ঘটনার আগে ও ঘটনার সময় প্রশাসন কী ভূমিকা পালন করেছিল তা খুঁজে বের করার আহ্বান জানানো হয়। ওই সময় যেসব ব্যক্তির কর্তব্যে অবহেলার জন্য ঘটনাটি ঘটার সুযোগ পায়, তাদেরও চিহ্নিত করার কথা বলা হয়। দুদিন তদন্তের পর এ প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এইচআরসিপি বলছে, পুরো তদন্তের প্রতিবেদন আসছে কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। ৯ মার্চে একদল উত্তেজিত জনতা যোসেফ কলোনির ২০০ বাড়িতে হামলা চালায়, লুটপাট করে এবং আগুনে জ্বালিয়ে দেয়। ৬ মার্চের এক ঘটনার জেরে ওই হামলা চালানো হয়। এইচআরসিপি-র প্রতিবেদনে বলা হয়, ‘বেশিরভাগ বাসিন্দা বলেছেন, বুধবার বিকালে নাপিত শহীদ ইমরান ও শাবান মাসিহ ওরফে বোধি বসে বসে মদ পান করছিলেন। এসময় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক সময় ইমরান অভিযোগ করে, শাবান ধর্মের প্রতি অবমাননাকর মন্তব্য করেছে।’ঘটনার এক পর্যায়ে পাশের পাড়া শাইখাবাদের শফিক ওরফে চিকো ঘটনাস্থলে এসে ইমরানের কাছ থেকে তর্কের বিষয় জানতে পারে। শাবানকে মারার জন্য শফিক যোসেফ কলোনিতে যায় এবং সেখানে তার বিলিয়ার্ড টেবিলে আগুন লাগিয়ে দেয়। সেখানে সে চিত্কার করে শাবান ও খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। পরে পাকিস্তান ফৌজদারি বিধির ২৯৫-সি ধারা অনুযায়ী বাদামিবাগ থানায় দাখিল করা প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) অনুযায়ী শাবানকে আটক করে পুলিশ।মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, শাবানের আত্মীয় জাহিদা পারভীন কমিটিকে বলেছে, শুক্রবার সন্ধ্যায় পুলিশ যোসেফ কলোনিতে যায় এবং শনিবার খ্রিস্টানদের ওপরে হামলা হতে পারে এমন আশঙ্কার কথা বলে সে রাতেই তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বলে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুলিশ তাঁদের এ মর্মে আশ্বাস দেয় যে, তাঁদের বাড়িঘর ও সম্পত্তির কোন ক্ষয়ক্ষতি হবে না। পুলিশের সতর্কবাণী শুনে শুক্রবার রাতেই সম্প্রদায়টির বেশির ভাগ মানুষ এলাকা ছেড়ে চলে যায়।’এলাকায় ঝামেলা তৈরির পেছনে বণিক সমিতির হাত থাকতে পারে বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় ব্যক্তি। কয়েকদিন বাদে বণিক সমিতি যে নির্বাচন হতে চলেছে, তাতে প্রতিদ্বন্দ্বিতাকারী এক ব্যক্তি নাশকতামূলক ঘটনায় ইন্ধন জুগিয়েছে বলে জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, ‘শনিবার সকালে প্রায় তিন হাজার দুর্বৃত্ত কলোনির বাড়িঘরে নির্বিচারে লুটতরাজ চালায় এবং অধিকাংশ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে যথেষ্ট পুলিশ উপস্থিত ছিলেন, এমন শক্ত প্রমাণ আছে। লুটপাটকারীদের থামানোর জন্য পুলিশ বিন্দুমাত্র উদ্যোগ নিয়েছে, এমন নজির নেই।’মানবাধিকার কমিশনের কমিটি বলছে, ‘ওই এলাকায় হামলা হওয়ার সম্ভাবনা আছে জেনেও ঘটনার আগে ও পরে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।’ এ ঘটনাটি কমিটির কাছে ‘ভীষণ বিরক্তিকর’ ঠেকেছে। শুক্রবার পুলিশের সতর্কবাণী জারি করার ঘটনা থেকে ‘এটা নিশ্চিতভাবে বলা যায় যে, ওই এলাকায় যে আগুন লাগানো ও লুটপাটের ঘটনা ঘটতে চলেছে, প্রশাসন তা ভালোভাবেই জানত।’জেলা প্রশাসক (ডিসিও) নূরুল আমিন মেনগাল কমিটির সাথে আলোচনার সময় এটা স্বীকার করেছেন যে, শুক্রবার যে সহিংসতা ঘটতে চলেছে, তা তিনি আগে থেকে জানতেন। এ বিষয়টি তিনি তাঁর ওপর মহলে, পুলিশের মহাপরিদর্শককে এবং মুখ্যমন্ত্রীকে অবগতও করেছিলেন।জেলা প্রশাসক বলেন, ‘শনিবারের ঘটনার সময় তিনি ওই এলাকায় উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষা করা তাঁর দায়িত্ব নয় এমন দাবি করে তিনি বলেন, ২০০২ সালের পুলিশ আদেশ জারি হওয়ার পর থেকে সে দায়িত্ব পুলিশের ওপরে বর্তেছে।’মানবাধিকার কমিশনের কমিটি শহরের পুলিশ সুপার ইমতিয়াজ সারওয়ারের সাথে কথা বলেছে। ঘটনার পর তিনি স্থানীয় পুলিশ চৌকির দায়িত্বে আছেন। ‘তিনি বলেন পুলিশ সম্ভবত পরিস্থিতি সামাল দিতে পারত। কিন্তু সে সময় পুলিশ সমস্যাটি পুরোপুরি বুঝে উঠতে পারেনি।’ ঘটনার সময় শহরের পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ পুলিশ প্রশাসনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রতিবেদন তৈরির আগে কমিটি পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।