পাকিস্তানে গাড়িবোমায় উড়ে গেল পুলিশ স্টেশন, নিহত ৪
পাকিস্তানের পেশোয়ারের একটি পুলিশ স্টেশনে আজ বুধবার ভোরে গাড়িবোমা হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ন্যাশন পত্রিকার অনলাইনে জানানো হয়েছে। আজই আরেকটি সূত্রে জানা গেছে, পাকিস্তানি তালেবান এ গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পেশোয়ারের ওই পুলিশ স্টেশনটিতে অপরাধ তদন্ত বিভাগ অবস্থিত। পাকিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইজাজ খান জানিয়েছেন, বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি পুলিশ স্টেশনের ফটকে আঘাত হানে। এতে পুলিশ স্টেশনের ভবনটি বিধ্বস্ত হয়ে এ হতাহতের ঘটান ঘটে। অপর এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের সময় পুলিশ স্টেশন ভবনটির মধ্যে প্রায় ২০ জন পুলিশ সদস্য অবস্থান করছিলেন। বিধ্বস্ত ভবনের ভেতর থেকে তাঁদের জীবিত উদ্ধার করার সম্ভাবন ক্ষীণ। তবে এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত সপ্তাহে এ একই এলাকায় হামলার ঘটনা ঘটেছে।