পাকিস্তানে গুলিতে পুলিশের ৮ কর্মকর্তা নিহত
পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে আটজন পুলিশ ও কারা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। আজ বৃহস্পতিবার দ্য ডন ডট কমের এক খবরে এ কথা জানানো হয়।স্থানীয় পুলিশের বরাত দিয়ে ডন জানায়, বন্দুকধারীরা পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি বাড়িতে ঢুকে গুলি করে তাঁদের হত্যা করে। নিহত কর্মকর্তারা এ সময় ঘুমাচ্ছিলেন। এই নিয়ে গত তিন দিনে পাঞ্জাব প্রদেশের নিরাপত্তা কর্মকর্তাদের ওপর এটি দ্বিতীয় হামলা। এতে দেশটির রাজনীতির এই প্রাণকেন্দ্রে সহিংসতার নতুন ভীতি ছড়াল। এলাকাটি গত বছরের পর থেকে মোটামুটি শান্ত ছিল।হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘনবসতিপূর্ণ ইচরা এলাকায় যায়। পরে একটি বাড়িকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। ওই সময় বাড়িটিতে ৩৫ জন পুলিশ ও কারা কর্মকর্তা ছিলেন। কর্মকর্তাদের বেশির ভাগই ছিলেন সহিংসতাপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের। প্রশিক্ষণের উদ্দেশে তাঁরা লাহোরের ওই বাড়িতে ওঠেন। লাহোর পুলিশের প্রধান আসলাম তারিন বলেন, খুব ভোরে বন্দুকধারীরা ওই বাড়িতে ঢুকে গুলি ছোড়ে। এতে আটজন নিহত ও নয়জন আহত হন। তারিন বলেন, গুলি ছুড়ে বন্দুকধারীরা পালিয়ে যায়। দায়ী ব্যক্তিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।তাত্ক্ষণিকভাবে কেউ এর দায়-দায়িত্ব স্বীকার না করলেও পাকিস্তানের তালেবান বলেছে, তারা এ হামলা চালিয়েছে।