পাকিস্তানে বর্তমানে ‘অঘোষিত বাংলাদেশ-মডেলের সরকার’ দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। পাকিস্তানের পার্লামেন্টকে ‘অকেজো উল্লেখ করে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পার্লামেন্টের কোনো ভূমিকা নেই। সিদ্ধান্ত আসছে অন্য জায়গা থেকে।পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাসের মাথায় এসব মন্তব্য করলেন গিলানি। তিনি গত বৃহস্পতিবার লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।দেশের ওপরে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের ক্রমবর্ধমান প্রভাবের দিকে পরোক্ষভাবে ইঙ্গিত করে গিলানি বলেন, ‘একটি অঘোষিত বাংলাদেশ-মডেলের সরকার দেশে দায়িত্ব পালন করছে। কারণ, সব সিদ্ধান্ত অন্য জায়গা থেকে নেওয়া হচ্ছে। আর পার্লামেন্ট অকেজো। বিরোধী দলগুলো এ রকম সরকারই চায়।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সংবিধানকে সমুন্নত রাখতে গিয়ে আমি যখন বরখাস্ত হই, তখন পার্লামেন্ট তার বলকে আমার পেছনে রাখেনি। আর এখন দ্বৈত নাগরিকত্ব থাকা অন্য পার্লামেন্ট সদস্যরা বরখাস্ত হওয়ায় এটা (পার্লামেন্ট) চোখের পানি ফেলছে, বর্তমানে যার কোনো মূল্য নেই।’প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি লিখতে অস্বীকৃতি জানানোর পর গিলানিকে আদালত অবমাননার ঘটনায় দোষী সাব্যস্ত এবং প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। জারদারি ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান। এ ছাড়া সুপ্রিম কোর্ট দ্বৈত নাগরিকত্ব থাকা ১১ জন কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনপ্রণেতাকেও বরখাস্ত করেছেন। পাশাপাশি পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের আসনটিও শূন্য ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। জারদারির ঘনিষ্ঠ সহযোগী মালিক ২০০৮ সালের নির্বাচনের সময় তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বিষয়ে মিথ্যা ঘোষণা দিয়েছিলেন। গিলানি অনুতাপ করেন, পার্লামেন্ট তার অধিকার প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘দেশের সংবিধান রক্ষা করার জন্য যখন পাকিস্তানের পার্লামেন্টের প্রধানকে (প্রধানমন্ত্রীকে) সুপ্রিম কোর্ট বিদায়ের দরজা দেখিয়ে দিয়েছিল, তখন পার্লামেন্টকে জেগে ওঠার দরকার ছিল।’প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর গত তিন মাস সরকারি বাসভবনে ছিলেন গিলানি। তিনি জানান, তিনি সরকারি বাস ভবন ছেড়ে এখন জণগণের কাছে ফিরে যাচ্ছেন। দেশের সাধারণ নির্বাচন খুব শিগগির অনুষ্ঠিত হবে। গিলানি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর পদে সাড়ে চার বছর ছিলাম এবং সরকারি বাসভবনে অতিরিক্ত তিন মাস অবস্থান করলাম। এ জন্য আমি প্রেসিডেন্ট জারদারিকে ধন্যবাদ দিই।’ পিটিআই, হিন্দুস্তান টাইমস।