পাকিস্তানে চার মন্ত্রীসহ ১৪৮ আইনপ্রণেতার সদস্যপদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিস্তারিত হিসাব বিবরণী জমা না দেওয়ায় পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সে দেশের চার মন্ত্রীসহ ১৪৮ জন আইনপ্রণেতার (সংসদ সদস্য) সদস্যপদ স্থগিত করেছে। গত সোমবার ইসিপি বলেছে, ওই আইনপ্রণেতারা আয়-ব্যয়ের বার্ষিক হিসাব বিবরণী জমা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। কর্মকর্তারা বলেছেন, যাঁদের সদস্যপদ স্থগিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন চারজন সিনেট সদস্য, ৩৫ জন জাতীয় পরিষদ, ৭১ জন পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ, ১৬ জন সিন্ধুর প্রাদেশিক পরিষদ, ১০ জন খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদ এবং ১২ জন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। তাঁদের মধ্যে চারজন মন্ত্রী রয়েছেন। তাঁরা হলেন শিক্ষামন্ত্রী সরদার আসিফ আহমেদ আলী, শ্রম ও জনশক্তিমন্ত্রী সৈয়দ খুরশিদ শাহ, তথ্য উপমন্ত্রী শমশম বুখারি এবং পর্যটনমন্ত্রী মাওলানা আতাউর রহমান। এ ছাড়া পর্যটনমন্ত্রীর ভাই ও ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলেমা ইসলাম পার্টির প্রধান মাওলানা ফজলুর রহমান, আমির মুকাম, মুহাম্মাদ জাম মানগ্রিও এবং কাশমালা তারিকের নামও ওই তালিকায় রয়েছে। ইসিপির মুখপাত্র আফজাল খান গত সোমবার বলেছেন, গত ৩০ সেপ্টেম্বর বার্ষিক আয়ব্যয়ের হিসাব দাখিলের সর্বশেষ দিন ছিল। এ সময়ের মধ্যে ওই ১৪৮ আইনপ্রণেতা কাগজপত্র জমা দেননি। অবশ্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাঁরা আবার সদস্যপদ ফিরে পাবেন। তবে কোন দলের কত জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।পাকিস্তানে প্রতিবছর আইনপ্রণেতাদের নিজ নিজ সম্পদের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বিধান রয়েছে। ইতিমধ্যে আইনপ্রণেতাদের মধ্যে যাঁরা হিসাব বিবরণী দাখিল করেছেন, তাঁদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করছে নির্বাচন কমিশন। মাস খানেক আগে পাকিস্তানের ৫৮ জন আইনপ্রণেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ দাখিল করার অভিযোগ ওঠে। এখনো ওই অভিযোগের সরকারি তদন্ত চলছে। বিবিসি ও দি নেশন অনলাইন।