পাকিস্তানে চালকবিহীন বিমান হামলায় ১০ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হামলায় (ড্রোন) সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়েছেন। আজ শুক্রবার বিবিসি অনলাইন জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৪০ কিলোমিটার দূরে দত্তখেলের মাইজারখেল এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত জঙ্গিরা স্থানীয় তালেবান কমান্ডার হাফিজ গুল বাহাদুরের অনুগত সদস্য ছিলেন।এ নিয়ে ১২ ঘণ্টার মধ্যে উত্তর ওয়াজিরিস্তানে দ্বিতীয়বারের মতো চালকবিহীন বিমান হামলার ঘটনা ঘটল। ২০১০ সালেই ওয়াজিরিস্তানে ৭০টি চালকবিহীন বিমান হামলায় দুই শতাধিক লোক প্রাণ হারায়।কর্মকর্তারা আরও জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে মিরানশাহ থেকে ১৫ কিলোমিটার দূরে মিরালি শহরের কাছে চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ধারণা করা হয়, এতে হাকিমুল্লাহ মাসুদের তেহরিক-ই তালেবান পাকিস্তানের তিনজন আফগান সদস্য প্রাণ হারান। পাকিস্তান প্রকাশ্যে এ চালকবিহীন বিমান হামলার সমালোচনা করেছে। কিন্তু পর্যবেক্ষকেরা বলছে, কর্তৃপক্ষ অনেক সময়ই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ চালকবিহীন বিমান হামলার বিষয়টি কোনো সময়ই স্বীকার করে না। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এ ধরনের ড্রোন হামলা করা আর কারও পক্ষে সম্ভব নয়।