পাকিস্তানে চালকবিহীন মার্কিন বিমান হামলায় ৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানে আজ রোববার চালকবিহীন মার্কিন বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী শহরের কাছাকাছি এলাকায় চালকবিহীন মার্কিন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে পাঁচজন নিহত হয়। হামলায় শরণার্থী শিবিরের একটি বাড়ি ও দুইটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। এর কয়েক মিনিট পর শরণার্থী শিবিরের বাইরে একটি নদী-তীরবর্তী এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়। ইউরোপের বিভিন্ন শহরে আল-কায়েদার কথিত হামলা ঠেকাতে মার্কিন সেনারা আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লক্ষ্য করে চালকবিহীন বিমান হামলা আগের চেয়ে বাড়িয়েছে। চলতি মাসের শুরুর দিকে চালকবিহীন মার্কিন বিমান হামলায় পাঁচ জার্মান নিহত হয়।এদিকে আফগানিস্তানে রসদ সরবরাহের জন্য ন্যাটো বাহিনীর ব্যবহূত তুরখাম অঞ্চলের সীমান্তপথটি আজ রোববার আবার উন্মুক্ত করেছে পাকিস্তান। চালকবিহীন বিমান হামলায় দুই পাকিস্তানি সেনা নিহত হলে গত ৩০ সেপ্টেম্বর পাকিস্তান সরকার এই সীমান্তপথটি বন্ধ করে দেয়। এ ব্যাপারে মার্কিন সরকার ক্ষমা চাইলে পাকিস্তান তা আজ উন্মুক্ত করে দিতে সম্মত হয়। বিবিসি