পাকিস্তানে চীনের প্রধানমন্ত্রী, বিদ্যমান সম্পর্কের প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং আজ বৃহস্পতিবার দুদিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরে তিনি দুদেশের বিদ্যমান সম্পর্কের প্রশংসা করেছেন। লি কেকিয়াং বলেন, ‘“চীন-পাকিস্তানের মধ্যে বন্ধুত্বের গাছ” কয়েক দশক আগে রোপণ করা হয়েছিল। এটির পরিচর্যা করেছেন দুদেশের নেতারা। বর্তমানে ওই গাছে প্রচুর ফল ধরেছে।’‘দ্য ডন’-এর খবরে বলা হয়, পাকিস্তান ও চীন দুপক্ষই তাদের মিত্রতার ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। পাকিস্তানি নেতারাও অতীতের সফরের সময় দুদেশের মধ্যকার সম্পর্ককে বর্ণনা করেছেন ‘পর্বতের চেয়েও উঁচু, মহাসাগরের চেয়েও গভীর, ইস্পাতের চেয়েও শক্তিশালী এবং মধুর চেয়েও মিষ্টি’ হিসেবে। মার্চে ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে ভারত যান কেকিয়াং। এর পরপরই পাকিস্তান গেলেন তিনি।ভারত সফরে মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে দুদেশের সীমান্ত সমস্যা সমাধানে আগ্রহ দেখান কেকিয়াং। একই সঙ্গে দুদেশের সম্পর্ক আরও গভীর করার কথাও বলেন তিনি। সে সময় তাঁরা দুজনই ২০১৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করতে চান। যদিও গত বছর দুদেশের মধ্যে বাণিজ্য হয়েছে ৬১৫ কোটি ডলারের।এদিকে ভারতের পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী পাকিস্তান। যদিও অর্থের পরিমাণটা ভারতের তুলনায় অনেক কম। দুদেশের মধ্যে বাণিজ্য সর্বপ্রথম ১২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ২০১২ সালে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তিন বছরের মধ্যে দুই দেশ চায় তাদের বাণিজ্য সম্পর্ক এক হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত হোক। এ ছাড়া কেকিয়াংয়ের সফরের সময় দুই দেশ জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ বিষয়ে চুক্তির ব্যাপারে আশাবাদী।আজ দুপুরে কেকিয়াংয়ের সম্মানে এক মধ্যাহ্নভোজের আগে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির পাদপ্রদীপে থাকবে চীনের সঙ্গে বন্ধুত্ব।’ওই ভোজে অংশ নেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী পাকিস্তান মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ।নওয়াজের প্রধান দৃষ্টি পাকিস্তানের বিধ্বস্ত অর্থনীতিকে জাগিয়ে তোলা। একই সঙ্গে দেশের প্রবৃদ্ধির জন্য চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।