পাকিস্তানে সক্রিয় আল-কায়েদা, তালেবান, স্থানীয় জঙ্গিগোষ্ঠী ও অন্য সন্ত্রাসীদের নির্মূল করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যানি প্যাটারসন গত বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনকে পাঠানো এক তারবার্তায় এ কথা বলেন। সম্প্রতি উইকিলিকসে প্রকাশিত মার্কিন কূটনৈতিক গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।অ্যানি প্যাটারসন ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে ওই তারবার্তায় বলেছেন, ‘আমরা যেহেতু যুক্তরাষ্ট্র ও এর বাহিনীর ওপর পাকিস্তানভিত্তিক হামলা প্রতিরোধে কাজ করছি, তাই আমাদের স্বচ্ছ ধারণা থাকা উচিত, আল-কায়েদা এখন পাকিস্তানে তাদের নিরাপদ স্বর্গস্থল করার চেয়েও বেশি কিছু করতে চাচ্ছে।’ মার্কিন কূটনৈতিক ওই বার্তায় উল্লেখ করেন, পাকিস্তানে ক্রমেই বেড়ে চলা আল-কায়েদা, তালেবান, স্থানীয় জঙ্গি ও সন্ত্রাসীদের পরাজিত করতে ১০ থেকে ১৫ বছরের দীর্ঘ যুদ্ধ দরকার হবে। ডন ডটকম।