পাকিস্তানে জঙ্গি হামলায় আবার ন্যাটোর ট্যাংকার ধ্বংস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ সোমবার ভোরে সন্দেহভাজন জঙ্গিরা ন্যাটো বাহিনীর আরও একটি ডিপোতে হামলা চালিয়ে ২৭টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করে দিয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। খবর বিবিসি অনলাইনের।এটি পাকিস্তানে অবস্থিত ন্যাটো বাহিনীর স্থাপনায় জঙ্গিদের সর্বশেষ হামলা।পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসলামাবাদের পার্শ্ববর্তী রাওয়াতের কাছে ন্যাটোর বাহিনীর জন্য এই তেলের ট্যাংকারগুলো প্রস্তুত করার সময় এ হামলার ঘটনা ঘটে।ইসলামাবাদের পুলিশ কর্মকর্তা ওমর ফারুক জানান, ১০ থেকে ১২ জন জঙ্গি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে দুই দিক থেকে ডিপোটির ওপর হামলা চালায়। তারা ট্যাংকারগুলো লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে প্রায় ২৭টি ট্যাংকারে আগুন ধরে যায়।এর আগে গত শুক্রবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়ে ৩০টি ট্যাংকারে আগুন ধরিয়ে দেয়। পাকিস্তানের তালেবান জঙ্গিরা এ হামলার দায়দায়িত্ব স্বীকার করে।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ঘটনাটি পাল্টা হামলা উল্লেখ করে এটিকে অগ্রহণযোগ্য হিসেবে মন্তব্য করেছেন।