পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাদের একটি তল্লাশি চৌকিতে আজ শনিবার জঙ্গি হামলায় ৩১ জন নিহত হয়েছেন। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, আজ ভোরে লাক্কি মারোয়াত এলাকার ওই চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। এ সময় গুলিবিনিময় ও রকেট ছোড়ার ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা গোলাগুলি হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, ওই সংঘর্ষে অন্তত ১২ জন জঙ্গি, নয়জন নিরাপত্তা কর্মকর্তাসহ সাধারণ নাগরিকও নিহত হন। এ সময় দুটি আত্মঘাতী বোমা হামলাও ঘটে বলে তিনি দাবি করেন। একটি সূত্রে জানা গেছে, তল্লাশি চৌকির পাশে একটি বাড়ি লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায়। এতে ১০ জন নিহত হয়। পাকিস্তানি তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, গত মাসে উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে।