পাকিস্তানে জঙ্গিদের সংঘর্ষে নিহত ২৪
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় দুটি ইসলামপন্থী সংগঠনের সংঘর্ষে ২৪ ব্যক্তি নিহত হয়েছে। টাইম অব ইন্ডিয়া জানায়, আফগান সীমান্তবর্তী একটি উপত্যকা দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।খাইবার এলাকার বাসিন্দা আরশাদ খান বলেন, তিরা উপত্যকায় আনসারুল ইসলামের একটি ঘাঁটি তেহরিক-ই-তালেবানের সদস্যরা দখল করে নেয়। পরে আনসারুল ইসলাম ওই ঘাঁটিটি পুনরুদ্ধারের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় এবং তা পরের দিন পর্যন্ত চলে।সামরিক বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সংঘর্ষে নিহত লোকদের বেশির ভাগই জঙ্গি। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দাও আছে।পাকিস্তানের পর্বতময় প্রত্যন্ত অঞ্চলগুলোকে জঙ্গি সংগঠনগুলো তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে। পাকিস্তানের সেনাবাহিনী সেসব দুর্গম এলাকায় সহজে যেতে পারে না। এ সুযোগে জঙ্গিরা সহজেই ওই সব এলাকা দিয়ে আফগানিস্তান ও বিভিন্ন উপজাতীয় এলাকায় যাতায়াত করতে পারে।